প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৩৯ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:২২ পিএম
শুক্রবার ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে কথা বলেন খন্দকার মোশাররফ হোসেন। প্রবা ফটো
আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে বিএনপির পাল্টা কর্মসূচি দিচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেছেন, স্বাধীনতার ৫১ বছরে দেশের প্রতিটি গ্রামে বিএনপির মতো কোনো দল এভাবে পদযাত্রা ও সমাবেশ করতে পারেনি। বিএনপি সেই রেকর্ড করেছে। তাই ক্ষমতায় টিকে থাকতে ও বাধা দিতে পাল্টা কর্মসূচি দিচ্ছে ক্ষমতাসীন দল (আওয়ামী লীগ)।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানী উত্তরার জসীম উদ্দিন এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত সরকার পতনসহ ১০ দফা দাবিতে পদযাত্রায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্দেশ করে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘দেশের মানুষ তাদের চালাকি বুঝে ফেলেছে। জনগণ ২০১৪ ও ২০১৮ এর মতো ঘরে বসে থাকবে না। তারা এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে রাস্তায় নেমে এসেছে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের চালাকির কথা শুধু দেশের মানুষ না, আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনায় এসেছে। দেশে সুষ্ঠু নির্বাচন করতে সরকারকে প্রতিনিয়ত ছবক দিচ্ছে কূটনীতিকরা। তাদের সঙ্গে আমরাও স্পষ্ট বলতে চাই, শেখ হাসিনার অধীনে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। তাদের অধীনে দেশের কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে না। তাদের পতনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।’
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেল, গ্যাসসহ নিত্যপণ্যের মূল্য কমানো দেশের মানুষের প্রাণের দাবি মন্তব্য করে মোশাররফ বলেন, ‘আমরা সেই দাবি আদায়ে মাঠে নেমেছি। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পদযাত্রা শুরু করেছি। জনগণের দাবি আদায়ে কয়েক মাস ধরে পদযাত্রা করছি। জনগণের দাবি সামনে নিয়ে বিএনপি রাস্তায় নেমেছে।’
পদযাত্রায় অংশ নিয়ে সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, ‘এই পদযাত্রা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে, আমাদের নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে, সব রাজবন্দির কারামুক্তির দাবিতে। এই সরকারের পতন করেই রাজপথ ছাড়ব। তারা যতই পাল্টা কর্মসূচি দিক, আমরা রাজপথে ফায়সালা করব বাংলাদেশ কোন দিকে যাবে।’
তিনি বলেন, ‘দেশের মানুষ আর এই স্বৈরশাসক আওয়ামী লীগকে মেনে নেবে না। বিএনপিকে বাদ দিয়ে কোনো প্রহসনের নির্বাচন হবে না। আমরা ১০ দফা দাবি আদায়ের মধ্য দিয় এই সরকারকে পদত্যাগে বাধ্য করব।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, ‘বর্তমান সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। তারা জনগণকে ধোঁকা দিয়ে ভুয়া সরকার গঠন করেছে। ভুয়া সরকারের পদত্যাগ দাবিতে পদযাত্রা করব। আমরা রাজপথে আছি, রাজপথে থাকব।’
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল প্রমুখ।