প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩ ২১:৩৯ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩ ২১:৫০ পিএম
বুধবার রাজধানীর লালবাগ শহীদ নগর খেলার মাঠে কম্বল বিতরণ কর্মসূচিতে সংসদ উপনেতা মতিয়া চৌধুরী। প্রবা ফটো
আওয়ামী লীগের সব নেতাকর্মী পরিশ্রম করে অর্জন করা বৈধ আয়ে চলেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী।
তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ কোটি টাকা দিয়ে রাজনীতি করে না। সবাই হালাল রুজিতে পরিশ্রম করে চলে এবং পার্টি করে। পার্টিকে দিন দিন এগিয়ে নিয়ে যায়। মা-বোনেরা যদি উৎসাহ না দেয়, বাড়িতে তারা সহযোগিতা না করে, আমার ভাইয়েরা, চাচারা কি শান্তিতে রাজনীতি করতে পারবেন? কাজেই মা-বোনদেরও সালাম জানাই। শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই।’
বুধবার (১৮ জানুয়ারি) রাজধানীর লালবাগ শহীদ নগর খেলার মাঠে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে মতিয়া চৌধুরী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আজ আওয়ামী লীগ ক্ষমতায় আছে সেটা না। আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে তখনও তারা জনগণ থেকে দূরে সরে যায় না। সামর্থ্য অনুযায়ী তারা জনগণের মাঝে থাকে। শুধু রিলিফের সময় তা নয়, রোজা বলেন, ঈদ বলেন, সব সময় তারা তাদের ছোট উপহারের ব্যবস্থা করেন। আজকে এই কম্বল জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার।’
মতিয়া চৌধুরী বলেন, ‘রসুলে পাক দান খয়রাতের উৎসাহ দিয়েছেন। একদিকে রসুলেপাকের শিক্ষা, অন্যদিকে মানবতার শিক্ষা, সব মিলে জনগণের সেবা করা, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ সেটাই গ্রহণ করেছে। লালবাগ আওয়ামী লীগ তার অনুসারী।’
ঢাকা মহানগর দক্ষিণ-এর অন্তর্গত ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা হাজী মো. জামিল হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, সহসভাপতি আব্দুস সাত্তার ও সাংগঠনিক সম্পাদক মো. আকতার হোসেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি শরফুদ্দিন আহমেদ সেন্টু, লালবাগ থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান জামালসহ অনেকে।