প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৩ ১৫:২২ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩ ১৬:৪১ পিএম
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ফটো
সরকারি কর্মকর্তাদের কেউ কেউ অপ্রয়োজনে বিদেশ যান ও টাকা পাচার করেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, ‘সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফর রাষ্ট্রকে ভাবায়। নানা অজুহাতে বিদেশ যায়। কেউ কেউ কষ্টার্জিত টাকা বিদেশে পাচার করে। এদের আমরা ঘৃণা করি।’
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির ৩০ তম সম্মলনে তিনি এসব কথা বলেন।
বিএনপির আন্দোলনের সমালোচনা করে আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির হাঁকডাক অশ্বডিম্বের মতো। ১১ জানুয়ারি বিএনপির শান্তিপূর্ণ আন্দালনকে স্বাগত জানায় সরকার। তবে আন্দালনের নামে সহিংস আচরণ করলে, জনগণের জানমাল রক্ষায় সমুচিত জবাব দেওয়া হবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘গত ১৪ বছরে বাংলাদেশ উন্নয়নে অর্জনে বদলে গেছে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট সড়ক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। সড়ক পরিবহন আইনের বিধিমালা গেজেট আকারে প্রকাশিত হয়েছে এবং বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে।’
সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির সভাপতি সৈয়দ মঈনুল হাসানের সভাপতিত্বে সম্মলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইসহাক ও সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী অমিত কুমার চক্রবর্তী।