প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
ঢাকার এভারকেয়ার হাসপাতালে মঙ্গলবার চিকিৎসাধীন সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)। ছবি: বিএনপি মিডিয়া সেল
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)।
প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় মঙ্গলবার তিনি হাসপাতালে গিয়ে অসুস্থ এই নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় আক্রান্ত হয়ে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া দীর্ঘদিন ধরে এভারকেয়ার হাসপাতালে ডা. জিয়াউল হকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
হাসপাতালে পৌঁছে ডা. বিটু দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং ব্যারিস্টার মিয়ার চিকিৎসার সামগ্রিক অগ্রগতি সম্পর্কে বিস্তারিত অবহিত হন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রফিকুল ইসলাম মিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ বার্তা ও শুভকামনা পৌঁছে দেন।
ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) বলেন, দেশের একজন প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রীর অসুস্থতার সংবাদে প্রধানমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার নির্দেশনায় সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে আলোচনা করা হয়েছে। আমরা তার দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করছি।
২০০৭ সালের ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গ্রেপ্তার হলে, তার পক্ষে আইনি লড়াইয়ে অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেছিলেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।