কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৬ ১৯:৩৬ পিএম
ঢাকা-খুলনা মহাসড়কের রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় সোমবার দুপুর পৌনে ১২টার দিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি: ভিডিও থেকে
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা চত্বরে নির্মিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কালিলেপন ও অবমাননার প্রতিবাদে এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ।
উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় সোমবার দুপুর পৌনে ১২টার দিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এদিন দুপুর ১২টার দিকে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সরদার তার ব্যক্তিগত ফেসবুক পেজে বিক্ষোভ মিছিলের একটি ভিডিও শেয়ার করেন।
ভিডিওতে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় ৪০-৫০ জন নেতাকর্মী নিয়ে একটি মিছিল বের করা হয়েছে। এ সময় তারা সড়কে আগুন জ্বালিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেন।
এসময় শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কালিলেপনের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
এ বিষয়ে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “শুনেছি ছাত্রলীগের নেতা–কর্মীরা মিছিল করছিলেন। ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে”।