বিবিসি বাংলা
প্রকাশ : ২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট ও দ্বিতীয় অধিবেশনে সোমবার বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। ছবি: ভিড়িও থেকে নেওয়া
দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের দেওয়া বরাদ্দে বৈষম্যের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি অভিযোগ করেছেন, মন্ত্রণালয়ের বরাদ্দ কেবল সরকারি দলের সংসদ সদস্যদের আসনে দেওয়া হয়েছে এবং বিরোধী দলের সংসদ সদস্যদের সম্পূর্ণ বঞ্চিত করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট ও দ্বিতীয় অধিবেশনে সোমবার এ কথা বলেন তিনি।
আখতার হোসেন বলেন, “আসলে কী আমাদের বাংলাদেশের যে দুর্যোগের যে ম্যাপ সেটাতে কি কোনোরকম পরিবর্তন এসেছে? আমরা দেখলাম, দুর্যোগ মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা হলো, সেটা ৩০শে এপ্রিল হয়েছে। সেটা শুধুমাত্র সরকারি দলের যারা আসনপ্রাপ্ত হয়েছেন তাদের আসনগুলোতে শুধু বরাদ্দ দেওয়া হয়েছে। বিরোধী দলের যারা আছেন তাদের কারো আসনে বরাদ্দগুলো দেওয়া হয়নি।
“যদি এরকম হয়ে থাকে যে, বাংলাদেশে যখন দুর্যোগগুলো আসবে তখন শুধু সরকারি দলের যেই আসনগুলো আছে সেই আসনেই শুধু আসবে কিন্তু বিরোধী দলের আসনে দুর্যোগ আসবে না তাহলে কিন্তু একভাবে হতে পারতো” যোগ করেন তিনি।
দূর্যোগ আসলে সবাই সাফারার হয় উল্লেখ করে তিনি বলেন, “দুর্যোগগুলো যখন আসে মাননীয় মন্ত্রী মহোদয়, তখন কিন্তু আপনার আসনেও আসে, তখন আমাদের আসনেও কিন্তু দুর্যোগগুলো আসে। সরকারি দল বিরোধী দল বিভাজন করে কিন্তু দুর্যোগগুলো আসে না।”
তিনি নির্দিষ্ট পরিসংখ্যান তুলে ধরে জানান, ৩০শে এপ্রিলের ওই বরাদ্দে প্রতিটি আসনে ৮৫ লাখ টাকা এবং ৯০ টন করে চাল ও গম দেওয়া হয়েছে। কিন্তু এই সুবিধা থেকে বিরোধী দলের আসনগুলো বঞ্চিত রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বিষয়টিকে সাধারণ নাগরিকদের প্রতি ‘চূড়ান্ত বৈষম্য’ হিসেবে অভিহিত করে আখতার হোসেন বলেন, “চব্বিশের পরে এরকম বৈষম্যমূলক কোনো নীতি বাংলাদেশে চলতে পারে বলে আমরা মনে করি না।”