চট্টগ্রাম অফিস ও মৌলভীবাজার প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৬ ১৫:৫৬ পিএম
চট্টগ্রাম ও মৌলভীবাজারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সোমবার পৃথকভাবে ঝটিকা মিছিল করেছে। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রাম ও মৌলভীবাজারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সোমবার পৃথকভাবে ঝটিকা মিছিল করেছে।
এ ঘটনায় মৌলভীবাজারে দুই কর্মীকে গ্রেপ্তার করা হলেও চট্টগ্রামে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।
চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় সোমবার সকালে ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ/ছাত্র সংসদের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সানমার ওশান সিটির সামনে থেকে মিছিলটি জিইসি মোড়ের দিকে অগ্রসর হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে’সহ বিভিন্ন স্লোগান দেন।
তারা ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কারাবন্দীদের মুক্তির দাবিও তুলে ধরেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন। তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘এমইএস কলেজ ছাত্রলীগ’।
একই দিন সকাল ৮টার দিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরাও আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় রবিউল হায়দারের নেতৃত্বে আরেকটি ঝটিকা মিছিল করেন।
উভয় মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
অন্যদিকে, মৌলভীবাজার শহরের শমসেরনগর সড়কে আলফাহ প্রাইভেট হাসপাতালের সামনে থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করলে পুলিশ ধাওয়া দেয়।
‘শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগতম’ এবং ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে মিছিলটি জনশক্তি ও কর্মসংস্থান অফিস পর্যন্ত পৌঁছালে পুলিশ অভিযান চালিয়ে ব্যানারসহ মো. ফেরদৌসুর রহমান বাপ্পী ও মো. আরমান হোসেনকে গ্রেপ্তার করে। তবে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
চট্টগ্রামের পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল ইসলাম জানান, ছড়িয়ে পড়া ভিডিও পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।