নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৬ ২০:২৮ পিএম
নবীনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নবীনগরে মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে শনিবার বিকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মান্নান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধা ও সম্মান। তাঁর দেশপ্রেম, দূরদর্শী নেতৃত্ব এবং দেশের জন্য অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
তিনি বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা আজও মানুষের হৃদয়ে অম্লান হয়ে রয়েছে।
এ সময় তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “বিএনপি সরকার নির্বাচিত হওয়ার পর থেকে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন স্বাভাবিক ঘটনাকে অস্বাভাবিকভাবে উপস্থাপন করে সরকারের মানহানি করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের অপপ্রচার ও গুজব থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।”
তিনি আরও বলেন, “শুধু তাই নয়, কিছু ব্যক্তি ও গোষ্ঠী বিভিন্ন কৌশলে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা কৃত্রিমভাবে নানা ইস্যু সৃষ্টি করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে।”
অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি ওবাইদুল হক ভিপি লিটনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ভিপি গোলাম হোসেন খান টিটু, সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক (২) দেলোয়ার হোসেন সোহেল, আমির হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।