মিছিলে অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন। ছবি: ভিডিও থেকে
ফরিদপুরের মধুখালী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মশাল মিছিলের ঘটনা ঘটেছে।
ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালীর কামারখালী এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলের ১ মিনিট ৪২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মধুখালী উপজেলা ছাত্রলীগের নেতা মেহেদী হাসান বাবু ও সাজিদ হাসানের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছেন।
মিছিলে অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন। এছাড়া ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুকে ঘিরে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এসময় মিছিলকারীদের অনেকের মুখে মাস্ক ছিল। ফলে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানান, হঠাৎ করে মিছিলটি বের হয়ে কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। পরে নেতাকর্মীরা দ্রুত এলাকা ত্যাগ করেন।
এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় বলেন, “কোনো নিষিদ্ধ সংগঠনের প্রকাশ্যে মিছিল করার সুযোগ নেই। বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে ভিডিও এখনো হাতে পাইনি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে”।