শৈলকুপার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: ভিডিও থেকে
মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে শুক্রবার সকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “মাদক এবং মৌলবাদ এই সোসাইটিকে যাতে গ্রাস করতে না পারে। সন্ত্রাস-দুর্নীতি যাতে এই সোসাইটিকে গ্রাস করতে না পারে। আরেকটি হলো মৌলবাদ। আশেপাশের মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রি করার জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে। মাদক এবং মৌলবাদ এই সোসাইটিকে যাতে গ্রাস করতে না পারে।
বেহেশতের টিকিট বিক্রির নামে একটি শক্তি তৎপরতা চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “আমি অনুরোধ করব আপনাদেরকে প্রাক্তন ছাত্র হিসেবে এই অঙ্গনকে শৈলকুপাকে শান্তিপূর্ণ রাখার জন্য, এই অঙ্গনকে শান্তিতে রাখার জন্য। আপনার সন্তানের আগামী ভবিষ্যৎ জন্য বেহেশতের টিকিট বিক্রি করার যে উদ্যোগ বা যারা নিয়েছেন সেই জায়গাটা আপনারা জনসচেতনতা বৃদ্ধি করে একটি বাসযোগ্য আবাসভূমি হিসেবে গড়ে তোলায় আপনারা ভূমিকা রাখবেন”।
মন্ত্রী আরও বলেন, “আমি আপনাদের সাথে থাকবো, পাশে থাকবো। আমার দল করার কারও দরকার নাই। আপনাদেরকে আমি বলছি না যে আপনি আমার দল করেন। আমি বলছি আমার পাশে থাকেন। মাদক এবং মৌলবাদ এই সোসাইটিকে যাতে গ্রাস করতে না পারে। সন্ত্রাস দুর্নীতি যাতে সোসাইটিকে গ্রাস করতে না পারে। সে বিষয়ে আমি আপনাদেরকে আমার স্বপ্নের সারথি হিসেবে চেয়েছি। আশা করি সেই স্বপ্নের পথে আপনারা আমাকে সহযোগিতা করবেন”।