ঝিনাইদহ প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৬ ২১:১৭ পিএম
ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে সংবাদ সম্মেলনে কথা বলছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিএনপি সরকার আওয়ামী লীগের পথে হাটতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, “তারা পুলিশকে দলীয় লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে। স্বাধীন বিচার ব্যবস্থার ওপর সরকারের হস্তক্ষেপ শুরু হয়েছে। জেলা আদালতগুলোতে কি রায় হবে, কি বিচার হবে, কে জামিন পাবে সব কিছু রিমোর্ট কন্ট্রোলের মতো ঢাকা থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে”।
ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে স্থানীয় এনসিপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সোমবার বিকালে এ সব কথা বলেন তিনি।
সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, “আইনমন্ত্রীর জেলা ঝিনাইদহ। দুঃখের বিষয়, সেখানেই আজ আইন আদালত সরকারের একটি মহলের হাতে বন্দী। সরকার পুলিশ ও বিচার বিভাগকে নিজেদের দলীয় এজেন্ডা দ্বারা পরিচালিত করছে”।
তিনি বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের পরে আমাদের আশা ছিল, পুলিশ জনগণের বাহিনী হবে। কিন্তু আমরা দেখছি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরকারের দলীয় সমর্থক হিসেবে নিজেদেরকে পরিচয় দিচ্ছে। এটা লজ্জাজনক”।
হাসনাত আবদুল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকার আওয়ামী লীগের পথে হাটছে। আওয়ামী লীগের মতো বিচার, আদালত ও পুলিশ কে দলীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার বানাচ্ছে। আওয়ামী লীগ এইসব কারণে জনরোষে পড়ে বিদায় নিয়েছে। এই সরকার যদি আওয়ামী লীগের মতো হওয়ার চেষ্টা করে, তাহলে আমরা তা মেনে নেবো না। জেল, জুলুম, নির্যাতন করে মানুষকে দমিয়ে রাখা যাবে না”।
তিনি আরও বলেন, “আজ আমরা (বিএনপি-এনসিপি-জামায়াত) যখন একে অপরের বিরুদ্ধে লড়ছি, তখন ভারতে বসে আওয়ামী লীগ হাসছে। আমরা নিজেরা লড়ছি। কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানের পরে এটা হওয়ার কথা ছিল না”।
ঝিনাইদহে গত শুক্রবার এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় এনসিপি ও জেলা ছাত্রদল পাল্টাপাল্টি মামলা করে। ছাত্রদলের দায়ের করা মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা সহ তিনজকে আটক করে পুলিশ। ওই ঘটনার প্রতিবাদে সোমবার সংবাদ সম্মেলনে অংশ নেন হাসনাত আবদুল্লাহ।
সংবাদ সম্মেলন শেষে শহরের পায়রা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন এনসিপি নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।