× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপিতে শিগগির শুদ্ধি অভিযান

মজুমদার ইমরান

প্রকাশ : ০৯ মে ২০২৬ ১১:০১ এএম

আপডেট : ০৯ মে ২০২৬ ১১:০৬ এএম

 সরকার গঠনের প্রায় তিন মাসের মাথায় দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় বড় উদ্যোগ নিতে যাচ্ছে বিএনপি। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

সরকার গঠনের প্রায় তিন মাসের মাথায় দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় বড় উদ্যোগ নিতে যাচ্ছে বিএনপি। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

বিএনপি সরকার গঠন করেছে প্রায় তিন মাস। এই সময়ের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে খাল খনন, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড প্রদানসহ কর্মসূচি হাতে নিয়েছে।

এ সময়ে কিছু নেতিবাচক ঘটনাও আলোচনায় এসেছে। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতিÑ বিশেষ করে বিভিন্ন স্থানে হত্যা, চাঁদাবাজির ঘটনা সংবাদ শিরোনাম হয়েছে।

শুধু তাই নয়, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে সারা দেশে নিহত হয়েছেন কমপক্ষে ১৩ জন নেতাকর্মী। মার্চ-এপ্রিলে আহত হয়েছেন কমপক্ষে ৭ শতাধিক নেতাকর্মী।

নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার, রাজনৈতিক বিরোধ, হামলা, দলীয় কোন্দল ও চাঁদাবাজিকে কেন্দ্র করে এসব ঘটনার বেশিরভাগই ঘটেছে।

যদিও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সন্ত্রাস, চাঁদাবাজি. দখলবাজিসহ অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিগগিরই বিএনপির সব স্তরে শুদ্ধি অভিযান শুরু হবে। 

নয়াপল্টনে গত ১ মে শ্রমিক দলের সমাবেশে দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা রক্ষার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

হুঁশিয়ারি উচ্চারণ করে ওই সভায় তিনি বলেছেন, অন্যায়ের সঙ্গে জড়িতদের টপ টু-বটম কাউকে ছাড় দেওয়া হবে না।

সম্প্রতি একই কথা বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশে ব্যাপক দুর্নীতি ও সন্ত্রাসের বিস্তার ঘটেছে। এখনও কেউ কেউ এমন আচরণ করার চেষ্টা করলে দলীয় নেতাদেরও ছাড় দেওয়া হবে না।” 

দলের চেইন অব কমান্ড ঠিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখতে শিগগিরই দলের অভ্যন্তরে শুদ্ধি অভিযান চালাবে বিএনপি।

এ ক্ষেত্রে দলের কেউ গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থী কাজ করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিতর্কিত নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হবে। সামনে আনা হবে ক্লিন ইমেজধারীদের।

এর পাশাপাশ গুরুতর অপরাধীদের বিরুদ্ধে দলের পক্ষ থেকেও নেওয়া হবে আইনি ব্যবস্থা।

তবে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে না। সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে ব্যবস্থার আগে প্রকৃত ঘটনার সরেজমিন তদন্ত করা হবে। দোষী প্রমাণিত হলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

মূল দল বিএনপি থেকে শুরু করে সহযোগী সব সংগঠনের বেলায়ই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের নেতাকর্মীরা ব্যাপক নির্যাতনের শিকার হয়েছেন। তখন তাদের নানা হয়রানির শিকার হতে হয়েছে। তারপরও তারা কোনো অন্যায়ে জড়িত হয়নি। তবে এখন যেহেতু দল ক্ষমতায়, তাদের নাম ভাঙিয়ে কেউ কেউ নানা অপকর্ম করতে পারে, যা বিএনপির দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। তাই আমরা দলে শুদ্ধি অভিযানের সিদ্ধান্ত নিয়েছি। এ ব্যাপারে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

তিনি বলেন, মূলত বিতর্কিত নেতাকর্মীদের সরিয়ে স্বচ্ছ ও ত্যাগী নেতাদের সামনে আনা হবে। এ ক্ষেত্রে সাংগঠনিক কমিটি হতে পারে। আমলনামা অনুযায়ী গুরুতর অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনে দল থেকেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির দলীয় সূত্র জানায়, আগামী ঈদুল আজহার পরপরই কেন্দ্রীয় কাউন্সিল হবে। এতে অঞ্চলভিত্তিক নেতারা সাংগঠনিক সফরও করতে পারেন। সম্পন্ন করা হবে অঙ্গ সংগঠনের সব কমিটি। তবে তার আগেই দলের সর্বস্তরে শুদ্ধি অভিযান চালানো হবে। বিতর্কিতদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে হাই কমান্ড।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বিএনপি সব সময় অন্যায়ের বিপক্ষে। অন্যায় করলে অতীতের মতো দলীয় নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হবে না। দল ও সরকারকে বিতর্কমুক্ত রাখতে প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের কথা জানিয়েছেন। শিগগিরই এ নিয়ে কাজ করবেন শীর্ষ নেতারা।

জানা গেছে, সরকারের প্রথম দুই মাসে সংঘটিত বেশ কিছু ঘটনা সরকারকে এক ধরনের চাপে ফেলছে বলে মনে করেন দলের হাইকমান্ড।

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) প্রতিবেদন তথ্য বলছে, চলতি বছরের মার্চে দেশে ১১৩টি সহিংসতার মধ্যে বিএনপির অন্তঃকোন্দলে ৪৫টি ঘটনায় আহত হয়েছেন ৫০১ জন ও নিহত ৯ জন।

বিএনপি-জামায়াতের মধ্যে ১৬টি সংঘর্ষে আহত হয়েছেন ১০৯ জন ও নিহত ৫ জন।

এইচআরএসএস জানায়, এপ্রিলে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ৪০টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন নিহত ও ২৪৭ জন আহত হয়েছেন।

এ ছাড়া দলের অন্যান্য সহযোগী সংগঠন ছাত্রদল ও যুবদলেও নিজেদের মধ্যে নানা সহিংসতার খবর আসছে। শুধু তাই নয়, বিএনপির সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগ ও জামায়াতের নেতাকর্মীদেরও সংঘর্ষের ঘটনা ঘটছে।

এসব ঘটনায় বিএনপির হাইকমান্ড বিব্রত। বিএনপি হাইকমান্ড কোনোভাবেই এসব ঘটনা বরদাস্ত করবে না। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা