× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি নেতাদের সন্তানদেরও ভবিষ্যতে এনসিপিতে দেখতে পারেন: আসিফ মাহমুদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ মে ২০২৬ ১৯:২১ পিএম

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। ফাইল ফটো

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। ফাইল ফটো

বিএনপিএর শীর্ষ নেতাদের সন্তানদের অনেকেই ভবিষ্যতে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) দেখা যেতে পারে বলে দাবি করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

বাংলামোটরের রূপায়ন টাওয়ারে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে মঙ্গলবার তিনি এ কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সন্তানরা দলটির বর্তমান রাজনীতি পছন্দ করছেন না উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, “বিএনপির ভুল রাজনীতির ফলে তরুণ প্রজন্ম এমনকি তাদের ঘরের সন্তানরাও আজ তাদের প্রত্যাখ্যান করছে। বিএনপির অনেক বড় বড় নেতার সন্তানরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন”।

সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে দাবি করে তিনি বলেন, “আমরা সরকারি দল থেকে প্রতিশ্রুতি পেয়েছিলাম যে তারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করবে। কিন্তু এখন দেখছি তারা জাতির সাথে প্রতারণা করেছে। বিগত দিনে যারাই জনগণের সঙ্গে রাজনৈতিক প্রতারণা করেছে, তারা বেশিদিন টিকতে পারেনি। বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে জানে”।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এনসিপির মুখপাত্র বলেন, “হুসেইন মুহাম্মদ এরশাদ যেমন সারা দেশে প্রশাসক নিয়োগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, তারেক রহমান ঠিক এরশাদের মতোই রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছেন। বিএনপি বিগত ১৭/১৮ বছর গণতন্ত্রকে একমাত্র রাজনীতির বস্তু হিসেবে ব্যবহার করে নির্বাচিত হওয়ার পরপর গণতন্ত্র ভুলে গেছে। তারা এখন সব জায়গায় ধরে ধরে নিজেদের লোক বসিয়ে দিয়েছেন। যারা জনপ্রতিনিধি হতে ব্যর্থ হয়েছেন, নির্বাচনে পরাজিত হয়েছেন এবং যারা নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদের দিয়ে এখন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো চালানোর পাঁয়তারা চলছে। এই পাঁয়তারা বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, “স্থানীয় সরকারের যে অচল অবস্থা আছে, সেটা ভেঙে জনগণকে জনগণের যে সেবার যে কাজ সেটা অব্যাহত রাখার জন্য স্থানীয়ভাবে নির্বাচন আয়োজন করুন। নাহলে এরশাদের মতো দেশ চালালে এরশাদের মতোই পরিণতি ভোগ করতে হতে পারে সেটাও মাথায় রাখবেন”।

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে সজিব ভূঁইয়া বলেন, “সেখানে উগ্রপন্থিরা ক্ষমতায় আসায় আগামীতে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে শঙ্কা আছে। তবে আমরা তাদের আহ্বান জানাতে চাই, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আপনারা কথা না বললেই ভালো। আমাদের বিষয় দেখার জন্য আমরাই যথেষ্ট”।

এসময় এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপি নেতা ও সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ, কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’এর আহত নেতারা, তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ নাদিমুর রহমান (অনলাইনে), বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এমএইচ আরিফ এবং ঐতিহাসিক ফরাজী আন্দোলনের নেতা আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইনসহ বিভিন্ন পেশাজীবী এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন দলটির নেতারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা