প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৬ ১৬:০৯ পিএম
ডা. জুবাইদা রহমান মঙ্গলবার সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নবনির্মিত ৫০ শয্যার আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ছবি: বিএনপি মিডিয়া সেল
কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নবনির্মিত ৫০ শয্যার আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ডা. জুবাইদা রহমান।
তিনি মঙ্গলবার সকালে এই ইউনিটের উদ্বোধন করেন। আইসিইউ ইউনিটের পাশাপাশি হাসপাতালটিতে নতুন স্থাপিত ‘প্যাথলজি প্যাভিলিয়ন’ এবং ‘গ্যাস্ট্রোলিভার সেন্টার’-এরও যাত্রা শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বাস্থ্যসেবায় সমতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা-১৭ আসনের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ অংশ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ডা. জুবাইদা রহমান আইসিইউ ইউনিটের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সেখানে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। এ সময় তিনি চিকিৎসার মান বজায় রাখতে এবং রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চিকিৎসক ও নার্সদের প্রতি বিশেষ আহ্বান জানান।
হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান বলেন, নতুন আইসিইউ ইউনিটে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, দক্ষ জনবল এবং ২৪ ঘণ্টা সেবা নিশ্চিত করা হয়েছে। এতে গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত ও উন্নত চিকিৎসা দেয়া সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপ্ননসহ হাসপাতালের পরিচালক, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা।