প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬ ১৩:৫৩ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৬ ১৩:৫৫ পিএম
ঢাকার কাকরাইলে বৃহস্পতিবার সড়ক সৌন্দর্যবর্ধন কার্যক্রম উদ্বোধনকালে বক্তব্য দেন ডিএসসিসি প্রশাসক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নিজ বাড়ির আঙিনার মতো করে পুরো ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজে সুশোভিত নগরীতে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
তিনি বলেন, নাগরিকদের সম্মিলিত সচেতনতা ও উদ্যোগই পারে ঢাকাকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’তে রূপান্তর করতে।
ঢাকার কাকরাইল মসজিদ মোড়ে গুলিস্তান জিরো পয়েন্ট থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সড়কের মিডিয়ান ও ফুটপাতে বৃহস্পতিবার সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ সব কথা বলেন।
তিনি জানান, প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ গড়ার পরিকল্পনার অংশ হিসেবে এই সড়কটিকে একটি ‘আইডিয়াল ও মডেল’ সড়কে রূপান্তর করা হচ্ছে।
প্রকল্পের প্রথম ধাপে সড়কের মিডিয়ান ও ফুটপাতে ৫৪টি নান্দনিক ফুলের টব স্থাপন করা হয়েছে। এসব টবে বাগান বিলাস, রঙ্গন, অলোকানন্দা, পোর্টুলিকা ও কামিনীসহ বিভিন্ন প্রজাতির রঙিন ফুলগাছ রোপণ করা হবে, বলেন ডিএসসিসি প্রশাসক।
ফুটপাত দখল ও গাছ নষ্ট হওয়ার বিষয়ে প্রশাসক বলেন, শুধু সিটি কর্পোরেশন বা পুলিশের পক্ষে সব সময় নজরদারি রাখা সম্ভব নয়। একদিকে গাছ লাগানো হবে, আর অন্যদিকে তা নষ্ট করা হলে এই উদ্যোগ সফল হবে না।
তিনি নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ডাস্টবিন ছাড়া কোথাও আবর্জনা না ফেলা এবং পরিবেশ সংরক্ষণে দায়িত্বশীল আচরণ করা জরুরি।
একই সঙ্গে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
ডিএসসিসি প্রশাসক আরও বলেন, ধানমন্ডি আবাসিক এলাকা ও লেক কেন্দ্রিক নান্দনিক পরিবেশ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে এই সৌন্দর্যবর্ধন কার্যক্রম পুরো ঢাকা শহরে বিস্তৃত করা হবে।
তিনি ঢাকাকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে রূপান্তর করতে সকল স্তরের নাগরিকের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।