নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ ১৩:৩৩ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬ ১৩:৪৬ পিএম
দুলাল হোসেন। ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে বহিষ্কৃত নেতা দুলাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।
দুলাল হোসেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রূপগঞ্জ আসনে দল মনোনীত প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন দুলাল হোসেন। দলীয় নির্দেশ অমান্য করে নির্বাচনি প্রচারণায় নামায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।
তবে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের ঠিক আগে, ৪ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। একই সঙ্গে ওই আসনে বিএনপির আনুষ্ঠানিক প্রার্থী দিপু ভূঁইয়াকে পূর্ণ সমর্থন জানিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার করেন। দলের স্বার্থে তার এই ইতিবাচক ভূমিকার পরিপ্রেক্ষিতে হাইকমান্ড তার ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।