× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি সমর্থিত নতুন ১১ দলীয় জোটের আত্মপ্রকাশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২২ ১৭:১০ পিএম

বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী সমমনা জোটের ঘোষণা দেওয়া হয়। ছবি: প্রবা

বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী সমমনা জোটের ঘোষণা দেওয়া হয়। ছবি: প্রবা

বিএনপি সমর্থিত আরেকটি নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটেছে। ১১ দলীয় নতুন এই জোটের নাম- জাতীয়তাবাদী সমমনা জোট।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জোটের ঘোষণা দেওয়া হয়। ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ জোটের ঘোষণা দেন। এসময় দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

১১ দলীয় জোটের শরিকরা হলেন ড. ফরিদুজ্জামান ফরহাদ ও মোস্তাফিজুর রহমান মোস্তফার নেতৃত্বাধীন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), খন্দকার লুৎফর রহমান ও এসএম শাহাদাত হোসেনের নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), সাইফুদ্দিন আহমেদ মনি ও আকবর হোসেনের  ডেমোক্রেটিক লীগ, অ্যাডভোকেট গরিবে নেওয়াজ ও সৈয়দ মাহবুব হোসেনের পিপলস লীগ, অ্যাডভোকেট মাওলানা আবদুর রকিব ও অধ্যাপক মাওলানা আব্দুল করিমের ইসলামী ঐক্যজোট, এমএন শাওন সাদেকী ও দিলীপ কুমার দাসের বাংলাদেশ ন্যাপ, অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী ও অ্যাডভোকেট শাহ আহমেদ বাদলের বিকল্প ধারা বাংলাদেশ, নূরুল ইসলামের সাম্যবাদী দল, এটিএম গোলাম মাওলা চৌধুরী ও আবু সৈয়দের গণদল, অ্যাডভোকেট আজহারুল ইসলাম ও গোলাম মোস্তফা আকন্দের ন্যাপ ভাসানী এবং সুকৃতি মণ্ডলের নেতৃত্বাধীন বাংলাদেশ মাইনরিটি পার্টি।

নতুন জোটের ঘোষণা দিয়ে ড. ফরিদুজ্জামান ফরহাদ ঘোষণাপত্র পাঠ করেন।

এসময় তিনি বলেন, ‘ইতোমধ্যে গণআকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ১০ দফা এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ২৭ দফা প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন জ্ঞাপন করে জাতীয়তাবাদী সমমনা জোট যুগপদ্ধ আন্দোলনের ঘোষণা করছে।’

তিনি বলেন, ‘ভোটারবিহীন একদলীয় আওয়ামী কর্তৃত্ববাদী শাসন, দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত মহাসংকটের একযুগ সন্ধিক্ষণে বাংলাদেশ আজ নিপতিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভয়াবহ বেকারত্ব, কর্মশূন্যতায় দেশের মানুষ দিশেহারা। বাংলাদেশের স্বাধীনতার পটভূমিতে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় পরায়ণতাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন, দেশ স্বাধীন হওয়ার ৫১ বছর পরও আজ স্বাধীনতা, গণতান্ত্রিক ভোটাধিকার, ভাতের অধিকার, কর্মের অধিকার, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা আজ প্রশাসনিক দুর্বৃত্তের কবলে।’

ড. ফরহাদ বলেন, ‘বর্তমান একদলীয় আওয়ামী সরকার তার একক কর্তৃত্ববাদী শাসন অব্যাহত রাখতে দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করতে চায়। রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন, দুর্নীতি, গুম, হত্যা, ধর্ষণসহ মানবতা বিরোধী অপরাধের মাধ্যমে বিরোধী রাজনৈতিক শক্তির বিরুদ্ধে মামলা হামলা ও গণ গ্রেপ্তারের মাধ্যমে এক বিভীষিকাময় সংস্কৃতি তৈরি করেছে। উন্নয়নের জিকির তুলে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতির মাধ্যমে আর্থিক খাত, ব্যাংক, বীমা সেক্টর, কর্পোরেশন, দেশীয় সম্পদ আওয়ামী লুটেরাদের রাজত্বে পরিণত করেছে। রাষ্ট্রের সকল সেবা খাত, গ্যাস, বিদ্যুৎ, সড়ক ও রেল যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, হাট বাজার আজ সরকার দলীয় লুটেরাদের হাতে জিম্মি।’

তিনি বলেন, ‘মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার, স্বাধীনতা রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠার চলমান আন্দোলনে বিএনপিসহ সকল জোট ও দল সংগঠনের সাথে রাজ পথে যুগপৎ কর্মসূচীর মাধ্যমে জনগণের বহুল আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে সর্বস্তরের মানুষকে রাজপথে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানাই।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা