রাজশাহী অফিস
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬ ২১:৪৮ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৬ ২২:০১ পিএম
নারী শিক্ষিকাকে জুতাপেটা করেন স্থানীয় বিএনপি নেতা। ছবি: বিবিসি বাংলা
রাজশাহীর দুর্গাপুরের একটি কলেজে শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের ঘটনায় স্থানীয় এক নেতাকে শুক্রবার বহিষ্কার করেছে বিএনপি।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত আকবর আলী দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন।
দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কলেজটিতে বৃহস্পতিবার স্নাতক (ডিগ্রি) পরীক্ষা চলাকালীন ১৪৪ ধারা ভঙ্গ করে হামলা চালানো হয়। স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা এ হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং নারী শিক্ষক (প্রদর্শক) আলিয়া খাতুন বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, ওই শিক্ষিকা বিএনপি নেতাকে থাপ্পড় দিচ্ছেন। এর প্রতিক্রিয়ায় জুতা খুলে শিক্ষিকাকে পেটাচ্ছেন বিএনপি নেতা আকবর আলী।
অন্য একটি ভিডিওতে দেখা যায়, কলেজের মাঠে একজনকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছেন শিক্ষিকা। ওই সময় শিক্ষিকাকে বাধা দিচ্ছিলেন একজন।
রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে আকবর আলীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে’।