× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজপথ থেকে সংসদের পথে অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা

চাটমোহর (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ ২০:০৩ পিএম

অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা

অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাওয়া অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার নাম এখন রাজনৈতিক অঙ্গনে নতুন করে উচ্চারিত হচ্ছে। তবে এই উঠে আসা হঠাৎ নয়—এর পেছনে আছে দীর্ঘদিনের রাজপথের লড়াই, প্রতিকূলতার সঙ্গে আপসহীন অবস্থান, আর দলীয় রাজনীতির প্রতি একধরণের দৃঢ় অঙ্গীকার।

পাবনার চাটমোহরের আফ্রাতপাড়া মহল্লা থেকে উঠে আসা রুমা রাজনীতির কঠিন বাস্তবতার মধ্য দিয়েই নিজেকে গড়ে তুলেছেন। প্রয়াত বিএনপি নেতা আক্কাস আলী মাস্টারের মেয়ে হিসেবে রাজনীতির পরিবেশে বড় হলেও নিজের জায়গা তৈরি করতে তাকে পাড়ি দিতে হয়েছে অনেক সংগ্রামের পথ। চার ভাই ও দুই বোনের মধ্যে চতুর্থ রুমা খুব অল্প বয়স থেকেই সংগঠনের কাজে জড়িয়ে পড়েন।

দলীয় সূত্রে জানা গেছে, ইডেন মহিলা কলেজে পড়াকালীন ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন তিনি। পরে কেন্দ্রীয় রাজনীতিতে যুক্ত হয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এই পথচলায় ছিল না কোনো সহজ রাস্তা। আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে একাধিকবার পুলিশি বাধা, হামলা, মামলা ও জেলে যাওয়া সব বাধার মুখোমুখি হয়েছেন তিনি।

২০১৮ সালে কারাভোগ এবং টানা ৮ দিনের রিমান্ডÑ এই অভিজ্ঞতাগুলো শুধু তার রাজনৈতিক পরিচয়কেই নয়, ব্যক্তিত্বকেও আরও দৃঢ় করেছে। যখন দলের দুঃসময়ে অনেকেই দূরে সরে গেছেন, তখনও রুমার অবস্থান ছিল স্পষ্ট, রাজপথই ছিল তার ঠিকানা।

স্থানীয়দের ভাষায়, “সংগ্রামকে যারা জীবনের অংশ বানাতে পারে, তারাই একসময় নেতৃত্বে আসে,” রুমার ক্ষেত্রে এই কথাটি যেন বাস্তব হয়ে উঠেছে। গত জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ এলাকায় নারী জাগরণে তার সক্রিয় ভূমিকা তাকে নতুনভাবে আলোচনায় নিয়ে আসে।

আরিফা সুলতানা রুমা জানিয়েছেন, তিনি দলের জন্য কখনও আপস করেননি। ওয়ান-ইলেভেন পরবর্তী রাজনৈতিক অস্থির সময় থেকে শুরু করে বর্তমান পর্যন্ত তিনি মাঠে থেকেছেন, নেতৃত্বের প্রতি আনুগত্য ধরে রেখেছেন। 

তার এই ধারাবাহিক উপস্থিতি এবং সক্রিয়তা দলীয় সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলেই মনে করছেন তিনি।

তিনি জানান, এখন সামনে নতুন অধ্যায় সংসদ। সংরক্ষিত নারী আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর সামনে তার দায়িত্ব আরও বেড়েছে। শুধু দলের প্রতিনিধিত্ব নয়, বরং এলাকার মানুষের প্রত্যাশা, বিশেষ করে নারীদের কণ্ঠস্বর তুলে ধরার দায়ও এখন তার কাঁধে বলে জানান রুমা।

রাজনীতিতে অনেকেই আসেন, আবার হারিয়েও যান। কিন্তু যারা প্রতিকূলতার ভেতর দিয়ে নিজেদের তৈরি করেন, তাদের গল্প আলাদা হয়ে থাকে। অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার গল্প ঠিক তেমনই সংগ্রাম, স্থিতি, আর ধীরে ধীরে সামনে উঠে আসার এক বাস্তব উদাহরণ।

মনোনয়নের বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেন, “ওয়ান ইলেভেন থেকে মাঠে ছিলাম। দলের দুর্দিনে নানা মেরুকরণ হয়েছে। কিন্তু আমার ঠিকানা ছিল বিএনপি ও জিয়া পরিবার। দলের জন্য কখনও কোথাও আপস করিনি। নারী জাগরণের অগ্রদূত ও সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন করেছি।”

তিনি আরও বলেন, “নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেও আন্দোলন সংগ্রাম করেছি। তাই সংরক্ষিত নারী এমপি প্রার্থী হিসেবে দল আমাকে চূড়ান্ত মনোনয়ন দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি দলকে আরও সুসংগঠিত করতে ভূমিকা রাখার পাশাপাশি এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত করতে পারবো।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা