প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬ ১৭:২৯ পিএম
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর পোস্ট ছড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে থাকা সাবেক শিবির নেতা ও কন্টেন্ট ক্রিয়েটর এ এম হাসান নাসিমের (৩৫) জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এক হাজার টাকার মুচলেকায় মঙ্গলবার তার জামিনের আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত শুক্রবার রাত ৮টার দিকে ঢাকার শেরেবাংলা নগর থানাধীন বনলতা আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে নাসিমকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করেন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উপপরিদর্শক মো. রায়হানুর রহমান।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। আদালত রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন, এবং জামিন শুনানির জন্য রবিবার দিন ধার্য করেন। এরপর জামিন শুনানি পিছিয়ে সোমবার দিন নির্ধারণ করা হয়।
চিফ হুইপকে নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে ব্ল্যাকমেইল করার অভিযোগে তার একনিষ্ঠ কর্মী পরিচয়ে মো. নজরুল ইসলাম বাদী হয়ে শনিবার গুলশান থানায় মামলাটি করেন।
মামলায় এজাহারে বলা হয়, গত ১১ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে গুলশান-২ এলাকার একটি বাসায় অবস্থানকালে তিনি দেখতে পান, একটি ফেসবুক আইডি থেকে চিফ হুইপকে নিয়ে বিভ্রান্তিকর পোস্ট প্রচার করা হচ্ছে। একই সঙ্গে একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ওই পোস্টগুলোর স্ক্রিনশট পাঠিয়ে অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করা হয়।
অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। পরে ১৭ এপ্রিল রাত ৮টার দিকে শের-ই-বাংলা নগর এলাকা থেকে এ এম হাসান নাসিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে মামলার সঙ্গে সংশ্লিষ্ট আলামত জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।