কুমিল্লা অফিস
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬ ২০:২২ পিএম
মোমবাতি বিতরণ করছেন এমপি হাসনাত আব্দুল্লাহ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জ্বালানি সংকটজনিত কারণে হওয়া লোডশেডিংয়ের প্রতিবাদে নিজ নির্বাচনি এলাকা দেবিদ্বারে মোমবাতি বিতরণ করে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামে শুক্রবার বিকেলে স্থানীয়দের মাঝে মোমবাতি বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তাদের ভোগান্তির কথা শোনেন হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, “সরকার বাস্তব পরিস্থিতি স্বীকার করছে না। সংসদে বলা হচ্ছে দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই, কিন্তু বাস্তবে মানুষ দিনভর বিদ্যুৎবিহীন অবস্থায় কাটাচ্ছে”।
হাসনাত বলেন, “আমি সংসদে জানতে চেয়েছিলাম সরকারের কোনো সমস্যা আছে কি না। এখন সরকার তা স্বীকার না করলেও বাস্তবতা ভিন্ন। তাই আমরা প্রতীকী প্রতিবাদ হিসেবে মোমবাতি বিতরণ করছি”।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় লোডশেডিংয়ের মাত্রা বেড়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় দুর্ভোগ চরমে পৌঁছেছে। শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষ এ পরিস্থিতিতে ভোগান্তির শিকার হচ্ছেন।