সংরক্ষিত নারী আসন
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬ ০৮:৫৮ এএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৬ ১০:১৭ এএম
বিএনপির লোগো। ছবি: বাসস
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হচ্ছে আজ শুক্রবার। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
রিজভী বলেন, ‘আগামীকাল (আজ শুক্রবার) থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নারী আসনের জন্য মনোনয়ন ফরম পাওয়া যাবে। বেলা ১১টা থেকে এই ফরম সংগ্রহ করা যাবে। ফরমের মূল্য ধরা হয়েছে দুই হাজার টাকা। ফরম সংগ্রহের পর আগামী ১২ এপ্রিলের মধ্যে তা জমা দিতে হবে। ফরম জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হবে ৫০ হাজার টাকা।’
প্রসঙ্গত, আগামী ১২ মে ভোটের দিন ধার্য করে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এই তফসিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
ঘোষিত তফসিল অনুযায়ী, ইসিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল দায়েরের তারিখ ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।
জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০টি। এর মধ্যে বিএনপির জন্য ৩৬টি, জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য একটি আসন সংরক্ষিত রাখা হয়েছে।