বগুড়া-৬
বগুড়া অফিস
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬ ১৩:০৮ পিএম
বগুড়া-৬ উপনির্বাচন উপলক্ষে সেন্ট্রাল স্কুল মাঠ থেকে বুধবার সকাল ১১টায় ভোটের সরঞ্জাম বিতরণ করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জাতীয় সংসদের বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ইতোমধ্যে ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।
শহরের সেন্ট্রাল স্কুল মাঠ থেকে বুধবার সকাল ১১টায় এসব নির্বাচন সামগ্রী বিতরণ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
শিল্পনগরী হিসেবে পরিচিত বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন।
এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন ৩ হাজার ৭৩৬ জন ভোটার।
উপজেলার মোট ১৫১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন সব ধরনের ব্যবস্থা নিয়েছে।
বগুড়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জায়েদ ইবনে আবুল ফজল জানান, নির্বাচনি মাঠে ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
এর পাশাপাশি দুই হাজার ৬৫৫ জন ভোটগ্রহণ কর্মকর্তা, এক হাজার ৩৮২ জন পুলিশ সদস্য, প্রায় দুই হাজার আনসার সদস্য মোতায়েন থাকবেন। নিরাপত্তায় থাকবে আট প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন র্যাব, সেনাবাহিনী ও ডগ স্কোয়াড।
এই উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা, জামায়াতের আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে জয়ী হন তারেক রহমান। একাধিক আসনে নির্বাচিত হওয়ায় তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে তা শূন্য ঘোষণা করা হয় এবং এই উপনির্বাচনের আয়োজন করা হয়।