বাসস
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬ ১৫:১৬ পিএম
স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বাসস
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে রয়েছেন তার সহধর্মীনি রাহাত আরা বেগম।
সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সোমবার রাত ১১টা ৫৫ মিনিটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য মহাসচিব সিঙ্গাপুরে গেছেন।
জানা গেছে, ফখরুল দম্পতি প্রায় এক সপ্তাহ পর দেশে ফিরবেন।
এর আগেও চিকিৎসার জন্য তারা একাধিকবার সিঙ্গাপুর গেছেন। সর্বশেষ ২০২৫ সালের ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য সেখানে যান।
২০১৫ সালে কারাবন্দি থাকা অবস্থায় মির্জা ফখরুলের ঘাড়ের একটি আর্টারিতে ব্লক ধরা পড়ে। পরে কারামুক্ত হয়ে তিনি সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা নেন। এরপর থেকে প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য সেখানে যেতে হয় তাকে।