প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬ ২০:৪৭ পিএম
আপডেট : ২৮ মার্চ ২০২৬ ২০:৪৮ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফাইল ছবি
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রয়েছেন।
চিকিৎসকদের বরাত দিয়ে শনিবার সন্ধ্যায় তার পরিবার জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই তাকে কেবিনে স্থানান্তর করা সম্ভব হতে পারে।
এদিকে মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
পারিবারিক সূত্র জানায়, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে মুর্ছা যান মির্জা আব্বাস। ওই রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় তার মস্তিষ্কে সংক্রমণ (ইনফেকশন) ধরা পড়ে এবং দুই দফা অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস । ওই নির্বাচনে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে পরাজিত করেন। বর্তমানে তিনি সরকারের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী পর্যায়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।