রূপগঞ্জ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬ ১১:২১ এএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ।
বসুন্ধরা গ্রুপ ও রংধনু গ্রুপের মধ্যে নানা বিষয়ে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান ঘটলেও এ নিয়ে তৃতীয় একটি মহল ঘোলাপানিতে মাছ শিকারের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ বসুন্ধরা ও রংধনু গ্রুপের আওতাধীন মিডিয়ায় বেশকিছু নেতিবাচক সংবাদ ছাপা হয়। পরবর্তীতে তথ্য অনুসন্ধান ও যাছাই-বাছাইয়ে দেখা যায়, ওই সংবাদগুলোর অনেক কিছুই অতিরঞ্জিত ও তথ্যের ঘাটতি ছিল; যা অনুধাবনের পর উভয় গ্রুপের পত্রিকা কালের কণ্ঠ ও প্রতিদিনের বাংলাদেশে দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়। তখন থেকে দুই গ্রুপের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটে এবং পাস্পরিক সম্পর্ক আরও জোরালো হয়।
বিগত সময়ে প্রকাশিত সংবাদগুলো প্রত্যাহার করে নেওয়ার পরও রূপগঞ্জের নাওড়া এলাকার চিহ্নিত কিছু দুষ্কৃতকারী ও মাদক-জালিয়াত চক্র সামাজিক মাধ্যমে পুরনো সংবাদগুলো ছড়িয়ে দিয়ে ফের অপপ্রচার চালাচ্ছে। এক্ষেত্রে তারা বিএনপির স্থানীয় সংসদ সদস্যের ছবিও ব্যবহার করছে। নাওড়া এলাকায় জিয়ায়ুর রহমানের আদর্শ ধারণকারী নেতাকর্মীরা এসব ঘটনায় বিব্রত। তাদের ভাষ্যÑ বিএনপির ভেতরে ঘাপটি মেরে থাকা কিছু দুষ্কৃতকারী এসব অপপ্রচার চালিয়ে বিএনপি থেকে নির্বাচিত জনপ্রতিনিধিদের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। চিহ্নিত ওইসব দুষ্কৃতকারীকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।
বহু বছর ধরে বসুন্ধরা ও রংধনু গ্রুপ এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। মহলবিশেষের এ সকল অপপ্রচার থেকে সজাগ থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন গ্রুপ দুটির শীর্ষ কর্মকর্তারা। সেই সঙ্গে স্থানীয় সংসদ সদস্যের প্রতি তাদের অনুরোধ, যারা বিএনপির নাম ভাঙিয়ে এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন, তারা আসলে বিএনপির কেউ কি নাÑ এ বিষয়টি খতিয়ে দেখুন। যদি তারা বিএনপির হয়ে থাকেন, তাহলে এলাকার বৃহৎ স্বার্থে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানিয়েছেন তারা।
জানতে চাইলে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, মোশারফ বিএনপি করে, তবে ভালো কোনো পদে নেই। তিনি বলেন, এগুলো যারা করে তারা আমাদের দলের হলেও আমরা তাদের প্রশ্রয় দিই না।
স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর ছবি ব্যবহার করেও সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, এমপির ছবি তারা ব্যবহার করতেই পারে। কিন্তু আমাদের দল এ ব্যাপারে জড়িত না। আমরা এগুলো পছন্দ করি না। কারও বিরুদ্ধে কুৎসা রটানো, কোনো কোম্পানির বিরুদ্ধে গ্রুপিং করাকে এমপিও (দিপু) প্রশ্রয় দেন না। তিনি আরও বলেন, এসব যারা করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। আমাদের দল কিংবা আমরা এসবের মধ্যে নাই। কোনো কোম্পানির পক্ষে-বিপক্ষে আমরা নাই।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল বলেন, সে তো ভালো লোক না। যেখানে সেখানে বিএনপির নাম ভাঙায়। এ বিষয়ে দিপু ভুঁইয়া সাহেবকে একটু জানান। আশা করি উনি ব্যবস্থা নিতে বলবেন।
নারায়ণগঞ্জ-১ আসনের (রূপগঞ্জ) সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ওদের বিরুদ্ধে মামলা করে দেন। কয়েকজনকে মামলা দিয়ে কারাগারে ঢুকালেই বাকিরা ভালো হয়ে যাবে।
উল্লেখ্য, রংধনু গ্রুপ ও বসুন্ধরা গ্রুপের মতো বেসরকারি প্রতিষ্ঠানগুলো শুধু ব্যবসাই করছে না; দেশের অর্থনীতি ও নগরায়ণেও বড় অবদান রাখছে। এসব প্রতিষ্ঠান দুর্বল হলে ক্ষতিগ্রস্ত হবে বিনিয়োগ, কর্মসংস্থান এবং সামগ্রিক উন্নয়ন। তাই অপপ্রচার ও ষড়যন্ত্র ঠেকাতে এখনই কঠোর অবস্থান নেওয়া জরুরি বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।