প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ মার্চ ২০২৬ ১২:৫৫ পিএম
বাংলাদেশ ন্যাপ।
ইরানের সার্বভৌম ভূখণ্ডে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান হামলাকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)। দলটি এ ধরনের সামরিক পদক্ষেপকে বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি হিসেবে আখ্যা দিয়েছে।
গণমাধ্যমে রবিবার পাঠানো এক বিবৃতিতে দলের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া ইরানের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে তারা অবিলম্বে সব ধরনের আগ্রাসন বন্ধের আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ইরানের বিরুদ্ধে এ ধরনের আক্রমণ শান্তিপ্রিয় মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। তাদের মতে, এসব সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়াবে এবং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে।
তারা আরও দাবি করেন, এই হামলার মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আবারও তাদের আগ্রাসী মনোভাবের প্রকাশ ঘটিয়েছে। এ ধরনের কর্মকাণ্ড গোটা মধ্যপ্রাচ্যসহ বিশ্বকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে বলেও তারা মন্তব্য করেন।
নেতৃদ্বয় জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলের এমন কর্মকাণ্ড বন্ধে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি বিশ্বনেতাদের আরও সক্রিয় ও সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
তাদের মতে, সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমেই যেকোনো সংকটের টেকসই সমাধান সম্ভব। শক্তি প্রদর্শন ও যুদ্ধ কখনই সমস্যার সমাধান নয়; বরং তা নিরীহ মানুষের জীবন ও সম্পদের অপূরণীয় ক্ষতি ডেকে আনে।
এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতে গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার ও ইরানের জনগণের প্রতি সমবেদনা জানান তারা।
একই সঙ্গে মুসলিম বিশ্বের ঐক্যের ওপর গুরুত্বারোপ করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান নেতৃদ্বয়। এই প্রতিরোধ গড়ে তুলতে না পারলে ভবিষ্যরদ আরও কঠিন মাশুল গুনতে হবে বলেও সতর্কবার্তা দেনা তারা।