প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৯ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০৬ পিএম
বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী। ফাইল ছবি
দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের অভিযোগে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
তবে এ বিষয়ে বহিষ্কৃত নেতা মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবিদ্বার সংসদীয় আসনে বিএনপির প্রার্থী ছিলেন। তবে ঋণখেলাপির দায়ে প্রার্থিতা হারান এই নেতা।
এর আগে সোমবার রাতে উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার বাজারে এক নির্বাচনি সভায় বক্তব্য দেন মঞ্জুরুল আহসান মুন্সী। সেখানে তিনি জামায়াত জোটের প্রার্থী ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের প্রার্থী জসীম উদ্দীনকে (ট্রাক প্রতীক) ভোট না দিলে সাধারণ মানুষের বাড়িঘর পুড়িয়ে ছারখার করে দেওয়ার হুমকি দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই বক্তব্যের ভিডিওটি মঙ্গলবার ভাইরাল হয়। ঋণখেলাপির দায়ে প্রার্থিতা হারানো এই বিএনপি নেতার উসকানিমূলক বক্তব্যের সময় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এমএ আউয়াল খানসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।
ভিডিওতে দেখা যায়- মঞ্জুরুল আহসান মুন্সী বলছেন, “যদি ক্ষমতায় বিএনপি থাকে আর আপনারা যদি অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। ঘরবাড়ি পুড়াইয়া ছারখার করে দেব। আমি কিন্তু কথা পরিষ্কার করে বলতেছি। মনে কইরেন না আমি ভয় দেখাচ্ছি। আমি পরিষ্কার করে বলে দিচ্ছি।
“আমার কথা রেকর্ড করে বলে দিতে পারেন। ফেসবুকে ছেড়ে দিতে পারেন। আমার কোনো অসুবিধা নাই। আমি এটা মিন করতেছি। সুতরাং আমি যেন অপমানিত না হই। আমি যদি অপমানিত হই, সেই অপমানের প্রতিশোধ কিন্তু এভাবেই নিব। ঠিক আছে না? আপনারা আমাকে অপমানিত হইতে দিবেন? তাহলে ১২ ফেব্রুয়ারি আপনারা সবাই ট্রাক মার্কায় ভোট দিয়া জয়যুক্ত করবেন। মঞ্জুরুল আহসান মুন্সীকে অপমানের হাত থেকে রক্ষা করবেন। তারেক রহমানকে সরকার গঠনে সহায়তা করবেন”।
এদিকে মঞ্জুরুল আহসান মুন্সীর ওই বক্তব্যের ভিডিও হাসনাত আবদুল্লাহ তার ফেসবুকে আপলোড করেছেন।
এ বিষয়ে মঙ্গলবার ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী তার ওই বক্তব্যের ব্যাখ্যা উপস্থাপন করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লেখেন, “আমি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী বলছি। গতকাল (সোমবার) রাতে গুনাইঘর, আমার নিজ ইউনিয়নের ধলাহাস পুকুর পাড়ে অনুষ্ঠিত জনসমাবেশে দেওয়া আমার বক্তব্যের শেষাংশ কেটে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে। আমাকে জড়িয়ে মিথ্যাভাবে বলা হচ্ছে যে আমি নাকি ভোটদাতাদের ভয় দেখিয়েছি। এই অপপ্রচার সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর”।