সোনাগাজী (ফেনী) প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০৮ এএম
সোনাগাজী সরকারি মোহাম্মদ ছাবের মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে সোমবার সন্ধ্যায় আয়োজিত বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আবদুল আউয়াল মিন্টু । ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফেনীর সোনাগাজীতে নির্বাচনি জনসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী–৩ আসনে ধানের শীষের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তারেক রহমানের নেতৃত্ব প্রয়োজন।
তিনি দাবি করেন, পারিবারিক রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারেক রহমান দেশ পরিচালনায় সক্ষম হবেন এবং আসন্ন নির্বাচন দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণ করবে।
সোনাগাজী সরকারি মোহাম্মদ ছাবের মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে সোমবার সন্ধ্যায় আয়োজিত বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মিন্টু।
তিনি বলেন, ভোটারদের ভোরে তাহাজ্জুদ ও ফজরের নামাজ শেষে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে এবং ভোটের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত সতর্ক থাকতে হবে, যাতে কারও ভোটাধিকার ক্ষুণ্ন না হয়।
জনসভায় তিনি আরও বলেন, ধানের শীষে ভোট দিয়ে জনগণ যদি তাঁকে নির্বাচিত করেন, তাহলে এলাকার উন্নয়নে একটি সমন্বিত মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
এর মধ্যে লালপুলে ফ্লাইওভার নির্মাণ, সোনাগাজীতে গ্যাস সংযোগ সম্প্রসারণ, সেচব্যবস্থা উন্নয়ন, খাল খনন, একটি মহিলা কলেজ প্রতিষ্ঠা, সোনাগাজী সরকারি ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালু, রাস্তা-ঘাট উন্নয়ন এবং চিকিৎসাসেবার সম্প্রসারণের প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানান।
সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে ও সদস্যসচিব সৈয়দ আলম ভূঞার সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ জনি, অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গাজী হাবীব উল্যাহ মানিকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জনসভায় দলীয় নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে ফেনী–৩ আসনে আবদুল আউয়াল মিন্টুকে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।