রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৬ পিএম
নির্বাচনি প্রচারের সময় স্থানীয়রা ফুল দিয়ে মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুকে বরণ করে নেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুর নির্বাচনি পথসভা ও গণমিছিল সোমবার অনুষ্ঠিত হয়। শেষ মুহূর্তের প্রচারে হাজার হাজার নারী-পুরুষ এবং দলীয় নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
পথসভা ও মিছিল ঘিরে জনসাধারণ ও দলটির নেতা-কর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
উপজেলার সাতটি ইউনিয়ন, দুই পৌরসভা ও বিভিন্ন পাড়া-মহল্লা থেকে মানুষ মিছিলে যোগ দেয়। স্থানীয়রা ফুল দিয়ে মোস্তাফিজুর রহমানকে বরণ করে নেন এবং স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। এক পর্যায়ে পথসভাটি ‘জনসভা’তে রূপ নেয়।
এ দিন বিকালে ভুলতা দিঘীরপাড় বালুর মাঠে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনসহ আরও অনেকে।
মোস্তাফিজুর রহমান ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আমি আপনাদের সন্তান হিসেবে গর্বিত। আমার বাবা ও দাদারা আপনাদের সঙ্গে মিলে মিশে ছিলেন, আমিও আপনাদের সঙ্গে মিশে থাকতে চাই।
“আপনারা আমাকে নির্বাচিত করলে রূপগঞ্জের উন্নয়ন এবং মানুষের মুখে হাসি ফোটানোই আমার প্রথম অঙ্গীকার।”