প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৬ পিএম
ঢাকার ইসিবি চত্বরে রবিবার বিকালে নির্বাচনি পথসভায় কথা বলেন তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া
বিএনপি ক্ষমতায় এলে ঢাকাকে নিরাপদ শহরে রূপান্তরিত করার অঙ্গিকার ব্যক্ত করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
এছাড়া তিনি ঢাকায় অন্তত
৪০টি খেলার মাঠ ও রাস্তা প্রশস্ত করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।
ঢাকা-১৭ আসনের নির্বাচনি
প্রচারের অংশ হিসেবে ইসিবি চত্বরে রবিবার বিকালে বিজে টাওয়ারের সামনে তৈরি পথসভা মঞ্চ
থেকে এসব কথা বলেন তারেক রহমান।
পথসভায় বক্তব্য দীর্ঘ
করলে ‘মানুষের চলাচলের কষ্ট হবে’ উল্লেখ করে বক্তব্য শুরু করেন বিএনপি চেয়ারম্যান।
ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী
হয়েছেন জানিয়ে তারেক রহমান বলেন, “আমি এই এলাকারই সন্তান।”
এই এলাকার সন্তান হিসেবে
এলাকার সবার কাছে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
ধানের শীষের জন্য ভোট চান তিনি।
তারেক রহমান বলেন,
“প্রিয় ভাই বোনেরা, মুরুব্বিবর্গ, আমি যদি এবং আমার দল ইনশাআল্লাহ আপনাদের ভোটে এই
দেশের মানুষের ভোটে নির্বাচিত হলে আমরা সমগ্র দেশসহ এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে
রূপান্তরিত করতে চাই, নিরাপদ শহরে পরিণত করতে চাই, যেই শহরে মা-বোনেরা নিরাপদে নিশ্চিন্তে
যেকোনো সময় দিনে যেকোনো সময় হাঁটতে পারবেন, যেই শহরের মানুষ নিরাপদে বসবাস করতে পারবে,
ব্যবসা-বাণিজ্য, চাকরি-বাকরি করতে পারবে।
“আমরা একটি সুন্দর শহর
গড়ে তুলতে চাই। যেই শহরের মানুষ বুক ভরে শ্বাস নিতে পারবে।”
তিনি বলেন, “প্রিয় ভাই
বোনেরা, এখানে একটু আগে সালাম সাহেব (বিএনপির নেতা) বলেছেন এই এলাকায় খেলার মাঠ নেই।
আপনাদের সকলের জানার জন্য আমি বলতে চাই যে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে
বিএনপি ১২ তারিখে সরকার গঠন করলে শুধু এই এলাকাতেই নয় ঢাকা-১৭ তেই নয় আমরা সমগ্র
ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি করব ইনশাআল্লাহ। যাতে করে আমাদের সন্তানেরা খোলা
মাঠে খেলাধুলা করতে পারে যাতে করে আমাদের মুরুব্বিরা মা-বোনেরা বিকেল বেলায় বা যেই
সময় তাদের প্রয়োজন সেই সময় যেন মাঠে হাঁটাচালা করতে পারেন।”
এলাকার রাস্তা প্রশস্ত
করার দাবির বিষয়টি তার বক্তব্যের সময় তাকে জানানো হলে তিনি বলেন, “প্রিয় ভাই-বোনেরা,
এই এলাকার মানুষের আরেকটি দাবি আছে ইসিবি চত্ত্বর থেকে জসিমুদ্দিন পর্যন্ত ৬০ ফিট প্রশস্তকরণের
জন্য যে রাস্তাটি আছে, ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে আমরা মানুষের বসবাসের জন্য
চলাচলের জন্য এই এলাকার রাস্তার প্রশার ঘটাব ইনশাআল্লাহ।”