প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৬ পিএম
জাইমা রহমান। ছবি: ফেইসবুক থেকে
রাজনীতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে বিদ্যমান কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক বাধা দূর করার আহ্বান জানিয়েছেন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তিনি বলেছেন, “কেবল প্রতিশ্রুতি নয়—ডে-কেয়ার সুবিধা, মেন্টরশিপ, অর্থায়ন, নিরাপত্তা ও সামাজিক মানসিকতার পরিবর্তনের মাধ্যমে নারীদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করতে হবে”।
ঢাকার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) অডিটোরিয়ামে উইমেন ইন ডেমোক্রেসি (উইনড) আয়োজিত ‘গণতন্ত্রের সংগ্রামে নারী: অবদান, দায় ও দায়িত্ব’ শীর্ষক রাউন্ড টেবিল আলোচনায় রবিবার তিনি এসব কথা বলেন।
জাইমা রহমান বলেন, “নামমাত্র ডে-কেয়ার সেন্টার থাকলেই হবে না। সেখানে প্রশিক্ষিত কর্মী, বয়সভিত্তিক সেবা, পুষ্টিকর খাবার ও স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করতে হবে। এসব কাঠামো না থাকলে নারীদের পক্ষে রাজনীতি কিংবা কর্মক্ষেত্রে সক্রিয় থাকা কঠিন হয়ে পড়ে”।
তিনি আরও বলেন, “রাজনীতিতে শুরু থেকেই নারীদের জন্য একটি শক্তিশালী লাইফলাইন তৈরি করতে হবে, যার মধ্যে থাকবে নিয়োগ, প্রশিক্ষণ ও ধরে রাখার ব্যবস্থা। শুধু সুযোগ দিলেই হবে না, সেই সুযোগ টেকসই করাও জরুরি”।
মেন্টরশিপের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “তরুণ নারীদের রাজনীতি ও নাগরিক দায়িত্ব পালনে অভিজ্ঞদের দিকনির্দেশনা প্রয়োজন। এ ধরনের কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে”।
অর্থায়নের প্রসঙ্গে জাইমা রহমান বলেন, “নির্বাচনী প্রচার ও রাজনৈতিক কার্যক্রমে নারীদের জন্য আলাদা আর্থিক সহায়তা প্রয়োজন। সমতার কথা বললেই হবে না, বাস্তবে বৈষম্য দূর করতে বাড়তি সুযোগ-সুবিধা দিতে হবে”।
প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব কোড অব কন্ডাক্ট থাকা জরুরি উল্লেখ করে তিনি বলেন, “প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব কোড অব কন্ডাক্ট থাকা জরুরি, যাতে নারী নেত্রী বা কর্মীদের প্রতি কোনো ধরনের হয়রানি হলে দল দায় নেয় এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করে”।
বৈঠকে জাইমা রহমানের সাথে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরীসহ অনেকে।