প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩৮ এএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের লক্ষ্যে ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আদ্দোর নেতৃত্বে বাংলাদেশ সফররত কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির (জাপা) (একাংশ) নেতারা। বৈঠকে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে কি না সে বিষয়ে সংশয় প্রকাশ করেন জাপা নেতারা। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মাওলা গণমাধ্যমকে বলেন, কমনওয়েলথ টিমের সদস্যরা নির্বাচনের পরিবেশ নিয়ে আমাদের কাছে জানতে চান। এ সময় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে কি না সে বিষয়ে সংশয় প্রকাশ করেন। বিগত তিনটি নির্বাচন নিয়ে নানা অভিযোগ থাকার কারণেই ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থান হয়েছিল। ভোটাধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দাবিতে তরুণ সমাজ যে আত্মত্যাগ করেছে, তা এখনও উপেক্ষিত।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আগামী নির্বাচন নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। রাজনৈতিক দল সমর্থিত ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত হয়নি। নির্বাচনী প্রচারে প্রাণহানিসহ সহিংসতার ঘটনাও ঘটছে। নির্বাচন ঘনিয়ে এলেও সাধারণ মানুষের মধ্যে নির্বাচন হওয়া নিয়েই সংশয় রয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হলেও সেটি কতটা গ্রহণযোগ্য হবেÑ তা নিয়েও প্রশ্ন থেকে যায়।
তিনি অভিযোগ করে বলেন, জাতীয় পার্টির অনেক নেতার নামে মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে, যেগুলো এখনও প্রত্যাহার করা হয়নি। যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, তাদের অনেকের বিরুদ্ধেও ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বৈঠকে জাতীয় পার্টির পক্ষে আরও অংশ নেনÑ পার্টির নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু এবং প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য নাজমা আক্তার। কমনওয়েলথ পর্যবেক্ষক দলে ছিলেনÑ ক্যারিবিয়ান উইমেন ইন লিডারশিপের প্রতিনিধি ও অ্যান্টিগুয়া ও বারবুডার প্রেসিডেন্ট লেব্রেখটা নানা ওয়ে হেসে-বেইন, কানাডার যোগাযোগ বিশেষজ্ঞ নীল ফিলিপ ফোর্ডসহ আইন, রাজনীতি, নির্বাচন, মানবাধিকার ও কূটনীতিতে অভিজ্ঞ মোট ১১ জন সদস্য।