বাউফলে শফিকুর রহমান
পটুয়াখালি ও বাউফল প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৯ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৭ পিএম
পটুয়াখালির বাউফল পাবলিক মাঠে শুক্রবার সকালে উপজেলা জামায়াত আয়োজিত জনসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পটুয়াখালীর বাউফলে ১১ দলীয় নির্বাচনি জোটের জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতে যারা নিজেদের যোগ্যতা প্রমাণে ব্যর্থ হয়েছে, তাদের ভোট চাওয়ার কোনো নৈতিক অধিকার নেই।
তিনি বলেন, জনগণের সম্মান রক্ষা করেছে—এমন শক্তির হাতেই আগামী বাংলাদেশের দায়িত্ব তুলে দেবে মানুষ।
বাউফল পাবলিক মাঠে শুক্রবার সকালে উপজেলা জামায়াত আয়োজিত এই জনসভায় তিনি এসব কথা বলেন।
‘উন্নয়ন মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব’
ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচিত হলে জনগণকে আর উন্নয়নের জন্য কারও কাছে যেতে হবে না; বরং উন্নয়নই মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে।
তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী কখনো চাঁদাবাজি, দুর্নীতি, দখলবাণিজ্য কিংবা নির্যাতনের রাজনীতিতে যুক্ত ছিল না।
জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে মিথ্যা মামলায় কাউকে হয়রানি করা হবে না। বরং প্রমাণিত হলে মিথ্যা মামলা দায়েরকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একই সঙ্গে তিনি অভিযোগ করেন, অতীতে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে এবং সুযোগ পেলে তা দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
জামায়াত আমির আরও বলেন, গত ৫৪ বছরে দেশ চাঁদাবাজি, দুর্নীতি, ফ্যাসিবাদ ও বিচারহীনতার রাজনীতি দেখেছে। এই ধারা বদলে একটি নতুন বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য।
তিনি আশা প্রকাশ করেন, আগামী ১৩ তারিখ নতুন বাংলাদেশের বার্তা নিয়ে নতুন সূর্য উদিত হবে।
গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ের আহ্বান
জনসভায় গণভোট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘হ্যাঁ’ বিজয়ী হলে বাংলাদেশ জিতবে, আর পরাজিত হলে বাংলাদেশ পিছিয়ে পড়বে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি পটুয়াখালীর চারটি এবং বরগুনার একটির আসনের ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের প্রতীক—দাঁড়িপাল্লা, দেয়ালঘড়ি ও ঈগলে ভোট দেওয়ার অনুরোধ জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম বলেন, দেশের তরুণ সমাজ ইনসাফভিত্তিক রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছে।
সাদিক কায়েম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা রাজনৈতিক নেতৃত্ব অর্থনীতি ধ্বংস ও রাষ্ট্রব্যবস্থা দুর্বল করেছে।
তিনি আরও বলেন, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ গড়ে উঠবে, তা হবে ইনসাফ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ।
এ সময় তিনি পটুয়াখালী–২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম মাসুদসহ ১১ দলীয় জোটের প্রার্থীদের পক্ষে ভোট চান।