ফখরুলের উদ্দেশ্যে রাশেদ প্রধান
ঠাকুরগাঁও প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৪ পিএম
ঠাকুরগাঁও–১ আসনে ১১ দলীয় জোটের উদ্যোগে গড়েয়া বাজারে মঙ্গলবার বিকালে আয়োজিত এক নির্বাচনি সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক দলের নেতা রাশেদ প্রধান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে দ্বিমুখিতা দেখছেন বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক দলের নেতা রাশেদ প্রধান। এ প্রসঙ্গে তিনি বলেন, “সঙ্গে থাকলে সঙ্গী, আর পাশে না থাকলে জঙ্গি—এটাই কি রাজনীতির নীতি?”
ঠাকুরগাঁও–১ আসনে ১১ দলীয় জোটের উদ্যোগে গড়েয়া বাজারে মঙ্গলবার বিকালে আয়োজিত এক নির্বাচনি সভায় তিনি এ মন্তব্য করেন।
রাশেদ প্রধান বলেন, “বিএনপি ও জামায়াত যখন একসাথে ঐক্যবদ্ধ ছিল, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার বলেছেন যে, যুদ্ধাপরাধীর নামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অন্যায়ভাবে বিচার করা হচ্ছে। অথচ এখন জামায়াতকে নিয়ে সম্পূর্ণ বিপরীত বক্তব্য দিচ্ছেন।”
রাশেদ প্রধান আরও বলেন, “বয়সের কারণে বর্ষীয়ান নেতা মির্জা ফখরুল অনেক সময় ভুলভাল কথা বলেন—এটা আমরা বুঝতে পারি।” তিনি উল্লেখ করেন, বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন মন্তব্য জনমনে বিভ্রান্তি তৈরি করছে।
দেশের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আগের সময়েও বাংলাদেশের মানুষ আফগানিস্তান, পাকিস্তান বা অন্য কোনো দেশের মতো হতে চায়নি। নতুন বাংলাদেশের মানুষ লন্ডনেও পালিয়ে যেতে চায় না।
মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে তিনি বলেন, “বিনয়ের সঙ্গে বলতে চাই—আল্লাহর ওয়াস্তে সংলগ্ন করে কথা বলুন। কার বিষয়ে কী বলছেন, সেটা বুঝে বলুন।”
সভায় তিনি আরও বলেন, মির্জা ফখরুলের মুক্তিযুদ্ধের ভূমিকা ও তার পরিবারের অতীত নিয়ে নানা মহলে আলোচনা রয়েছে বলে শোনা যায়।
ঠাকুরগাঁও–১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন সম্পর্কে রাশেদ প্রধান বলেন, “দেলোয়ার হোসেন উড়ে এসে জুড়ে বসেননি। জীবনের পাঁচ বছরের বেশি সময় তিনি জেলখানার অন্ধকার কক্ষে কাটিয়েছেন।”
তিনি আরও বলেন, “দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে দেলোয়ার হোসেন আজ আপনাদের সামনে দাঁড়িয়েছেন। ঠাকুরগাঁও-১ আসনে তাকে বিজয়ী করে আমরা আগামীর প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমানকে উপহার দেব।”
সভায় দেলোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিবের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।