প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৩ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৫ পিএম
খুলনা নগরের প্রভাতী স্কুল মাঠে সোমবার বিএনপির নির্বাচনি জনসভায় বক্তব্য দেন তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল
কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের নেতা যে শব্দ ব্যবহার করেছেন তা কলঙ্কস্বরূপ বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
খুলনা নগরের প্রভাতী স্কুল মাঠে সোমবার দুপুরে বিএনপির নির্বাচনি জনসভায় তিনি তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, “নির্বাচনে স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের লক্ষ্য, উদ্দেশ্য জনগণের সামনে উপস্থাপন করবে। কিন্তু, একটি রাজনৈতিক দল নারী গোষ্ঠীকে ঘরের মধ্যে আটকে রাখতে চায়, সেই কথা তারা বলেছে।”
তিনি বলেন, “আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের একজন নেতা পরিষ্কারভাবে বলে দিয়েছে, তারা কোনোভাবেই নারী নেতৃত্বে বিশ্বাস করেনা।”
বিএনপি চেয়ারম্যান বলেন, “আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের একজন নেতা দুদিন আগে পরিষ্কারভাবে বলেছে, যে সকল মহিলা, যে সকল মা-বোনের কর্মসংস্থানের উদ্দেশে যান তাদেরকে, আপনাদের সামনে বলতে রীতিমতো লজ্জা হচ্ছে, এমন একটি শব্দ মা–বোনদের জন্য ব্যবহার করেছেন, যা এদেশের জন্য কলঙ্কস্বরূপ।”
তিনি আরও বলেন, “এই বাংলাদেশে খেটে খাওয়া মানুষের পরিবারের অধিকাংশ নারী কোনো না কোনোভাবে সংসারের উপার্জনের জন্য কাজ করে থাকে। ৫০ লাখেরও ওপর নারী গার্মেন্টস শিল্পে কাজ করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে একজন স্বামীর পাশাপাশি স্ত্রীকেও উপার্জন করতে হয়। কিন্তু, একটি রাজনৈতিক দলের নেতা নারীদেরকে খারাপ ভাষা দিয়ে অসম্মানিত করেছে। যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরে বন্দী করতে চায়, অসম্মানজনকভাবে কথা বলে, তারা নির্বাচনে সুযোগ পেলে নির্বাচন পরবর্তী সময়ে কি হতে পারে?”