প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬ ২১:৫৯ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬ ২২:১১ পিএম
রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাঁও মাঠে শুক্রবার রাতে নির্বাচনি জনসভায় কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: বিএনপির মিডিয়া সেল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পাশাপাশি গণভোটে ‘হ্যা’- তে সিল দেওয়ার আহ্বান করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাঁও মাঠে শুক্রবার রাতে নির্বাচনি জনসভায় এ আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি। সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন ১২ তারিখে। একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যা এবং না এর, সেখানে হ্যা-এর পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন”।
অতীতে যে ডামি নির্বাচন হয়েছিল সেই রকম আর হতে দেওয়া যাবে না উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, “১৬ বছর যেমন নিশি রাতের নির্বাচন হয়েছিল আমরা এবার আর করতে দিব না। ১৬ বছর যখন আমু-ডামুর নির্বাচন হয়েছিল আমরা এবার করতে দেব দেব না। এবার হচ্ছে জনগণের পালা জনগণ এবার সিদ্ধান্ত নেবে তারা কি করবে। কাজেই জনগণ সকল মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে যেখানে আছেন সকল ধরনের মানুষ যারা ভোটার প্রত্যেকে ভোরবেলায় গিয়ে ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে হবে যাতে করে কেউ কোন ষড়যন্ত্র করতে না পারে সতর্ক থাকতে হবে”।
জামায়াতের মাথা খারাপ হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, “একটি দল আছে সেই দল বিএনপি সম্পর্কে মিথ্যে কথা বলে যাচ্ছে কয়েকদিন ধরে। আপনাদের নিশ্চয়ই মনে আছে আজও দেখলাম তারা বলেছে।
এই দলটির মাথা খারাপ হয়ে গেছে অথবা নিজের নেতৃত্ব সম্পর্কে নিজেই আবলতাবল কথা বলছে। ভুল কথা বলছে। কাজেই সেই বিতর্কে আমরা যেতে চাই না। আমাদের শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ। আমাদের শক্তি যেহেতু বাংলাদেশের জনগণ সেইজন্য বাংলাদেশের জনগণের কাছে আমরা ফিরে যেতে চাই”।