কুড়িগ্রাম প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬ ২০:৩৫ পিএম
কুড়িগ্রাম শহরের কলেজ মোড় বিজয় স্তম্ভের সামনে বুধবার বিকেলে কুড়িগ্রাম-২ আসনের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দুনিয়ায় শান্তি ও আখিরাতের মুক্তির লক্ষ্যে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, “যারা ইসলামের আদর্শ, নীতি ও শরিয়াহ আইন অনুযায়ী দেশ পরিচালনা করবে না, তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে”।
কুড়িগ্রাম শহরের কলেজ মোড় বিজয় স্তম্ভের সামনে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বুধবার বিকেলে তিনি এ কথা বলেন। কুড়িগ্রাম-২ (সদর, ফুলবাড়ী ও রাজারহাট) আসনের নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে এ জনসভার আয়োজন করা হয়।
মুফতি রেজাউল করিম বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের পক্ষে একটিই প্রতীক রয়েছে, আর সেটি হলো হাতপাখা। যারা ইসলাম ও দেশকে ভালোবাসেন এবং দেশে ইসলামি শাসন প্রতিষ্ঠা দেখতে চান, তাদের প্রতি আহ্বান—দুনিয়ায় শান্তি ও আখিরাতে মুক্তির জন্য হাতপাখা প্রতীকে ভোট দিতে হবে”।
তিনি বলেন, “দেশের পরিবর্তনের জন্য ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, নীতি ও আদর্শের পক্ষে এবং মানবতার কল্যাণের পক্ষে ভোট দিতে হবে। প্রকৃত বিজয় তখনই হবে, যখন ইসলামের পক্ষে ভোট দেওয়া হবে”।
রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি আরও বলেন, “ইসলামি অনুশাসনে দেশ পরিচালনা না করলে আন্দোলন-সংগ্রামের প্রয়োজনীয়তা থাকে না। ত্যাগ ও প্রাণহানির মধ্য দিয়ে অর্জিত পরিবর্তনের প্রকৃত অর্থ তখনই থাকবে, যখন ইসলামি আদর্শ অনুযায়ী দেশ পরিচালিত হবে”।
জনসভায় ইসলামি আন্দোলন বাংলাদেশের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, দলের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ মাহবুবুর রহমান, কুড়িগ্রাম-২ আসনের দলীয় মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. নুর বখত, জেলা নেতা আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।