চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬ ১০:৫৭ এএম
চট্টগ্রাম নগরীর র্যাডিসন ব্লু হোটেলে রবিবার তরুণদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে জনসভায় যোগ দেওয়ার আগে তরুণদের সঙ্গে ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’শীর্ষক মতবিনিময় করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
নগরীর র্যাডিসন ব্লু হোটেলে রবিবার সকাল ১০টার দিকে এই মতবিনিময় সভা শুরু হয়।
এতে চট্টগ্রাম মহানগর ও আশপাশের প্রায় অর্ধশত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
সভায় অংশ নেওয়া শিক্ষার্থীদের নানা প্রশ্ন ও জিজ্ঞাসার উত্তর দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির ঘোষিত সফরসূচি অনুযায়ী, এই মতবিনিময় সভাশেষে তারেক রহমান রবিবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে বিএনপির জনসভায় যোগ দেবেন।
এদিন বিকাল ৪টায় ফেনীর পাইলট স্কুল মাঠে, বিকাল সাড়ে ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে এবং সন্ধ্যা ৭টায় সুয়াগাজীর ডিগবাজির মাঠে পর্যায়ক্রমে জনসভায় অংশ নেবেন তিনি।
একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লার দাউদকান্দির কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এবং রাত সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে জনসভা শেষে গভীর রাতে গুলশানস্থ নিজ বাসভবনে ফেরার কথা রয়েছে তারেক রহমানের।