প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬ ২২:২৯ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬ ২২:৩১ পিএম
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বৃহসম্পতিবার ডাকা সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি: বিবিসি বাংলা
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী তালিকা ঘোষণার সংবাদ সম্মেলনে যোগ দেয়নি অন্যতম শরিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি।
ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বৃহস্পতিবার রাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও ইসলামী আন্দোলনের নেতাদের জন্য প্রায় পৌনে এক ঘণ্টা অপেক্ষা করেন জোটের শীর্ষ নেতারা। শেষ পর্যন্ত তাদের ছাড়াই সংবাদ সম্মেলন শুরু হয়।
এর আগে দুপুরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলনকে ছাড়াই এক জরুরি বৈঠকে বসেন জোটের শরিকরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে সমঝোতা না হওয়ায় ইসলামী আন্দোলনের নেতারা ওই বৈঠকে অংশ নেননি। বৈঠকে ২৫০টি আসনে কোন দল কত প্রার্থী পাবে সে বিষয়ে প্রাথমিক ঐকমত্য হলেও বাকি ৫০টি আসনের বিষয়ে ইসলামী আন্দোলনের সিদ্ধান্তের অপেক্ষায় রাখা হয়।
রাতে সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিমের জন্য একটি আসন বরাদ্দ রাখা হয়েছিল। তবে তিনি উপস্থিত না হওয়ায় শেষ পর্যন্ত সেখানে বসেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তিনি।
সংবাদ সম্মেলন শুরু করতে বিলম্বের কারণ জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “আমরা ইসলামী আন্দোলনের আমিরসহ তাদের নেতৃবৃন্দের জন্য অপেক্ষা করছিলাম।”
এদিকে ইসলামী আন্দোলন শুক্রবার বিকাল ৩টায় জোটের বিষয়ে সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছে। পুরানা পল্টনে নিজেদের কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন ডাকার তথ্য সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছেন দলের প্রচার সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ।
জোটের সংবাদ সম্মেলনে জামায়াতের আমীর শফিকুর রহমান, নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, মহাসচিব জালালুদ্দীন আহমদ, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির আব্দুল মাজেদ আতহারী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানসহ বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতারা উপস্থিত আছেন।