চাঁদপুর-৫ আসন
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬ ২১:৫৬ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৬ ২২:২৩ পিএম
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মমিনুল হক। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মমিনুল হকের বিরুদ্ধে বিপুল পরিমাণ সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
জানা গেছে, প্রার্থী তার হলফনামায় সম্পদের তথ্য গোপন করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর শর্ত ভঙ্গ করেছেনÑ এই মর্মে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পাশাপাশি তার অপ্রদর্শিত সম্পদের তথ্যপ্রমাণ দিয়ে লিখিত অভিযোগ করা হয়েছে দুর্নীতি দমন কমিশনেও (দুদক)। আরপিওর শর্ত ভঙ্গ এবং সম্পদ গোপনের অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সঙ্গে দাবি জানানো হয়েছে তদন্তেরও।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চাঁদপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মমিনুল হকের বিরুদ্ধে বিপুল পরিমাণ সম্পদ গোপন ও আরপিওয়ের শর্ত ভঙ্গের দায়ে আনা অভিযোগ শুনানির জন্য নির্বাচন কমিশন গ্রহণ করেছে।
চলমান আপিল শুনানিতে এসব অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। আপিলের শেষ দিনে এ শুনানি হতে পারে বলেও ধারণা দিয়েছেন ইসির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।
প্রসঙ্গত প্রার্থীদের বিরুদ্ধে দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদনের জন্য ১৮ জানুয়ারি পর্যন্ত এই শুনানি চলমান রাখবে ইসি। গত তিন দিনের শুনানি থেকে প্রায় ১৫০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ করেছে ইসি।
এদিকে দুদক সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহের শুরুতে চাঁদপুর-৫ আসনের বিএনপি প্রার্থী মো. মমিনুল হকের বিরুদ্ধে সম্পদ গোপনের একটি অভিযোগ দুদকে দায়ের করা হয়েছে।
তাতে উল্লেখ্য করা হয়েছে— মমিনুল হকের দাখিলকৃত হলফনামা ও আয়কর রিটার্ন পর্যবেক্ষণপূর্বক গরমিল পরিক্ষিত হয়েছে।
সুনির্দিষ্ট কিছু প্রমাণ আবেদনকারীর হাতে রয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া সেই আবেদনে অঘোষিত স্থাবর ও অস্থাবর সম্পত্তির বাইরে তার নামে-বেনামে বহু সম্পত্তি ও ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা প্রদর্শিত হয় নাই বলেও জানানো হয়।
তাতে দাবি করা হয়েছে, দুদক তদন্তে নামলে সবকিছু বের হয়ে আসবে। পাশাপাশি আবেদনের সঙ্গে মো. মমিনুল হকের কিছু সম্পত্তির তথ্যপ্রমাণও দেওয়া হয়েছে।
এ ছাড়া মমিনুল হকের হলফনামার কপিও দেওয়া হয় ওই অভিযোগপত্রের সঙ্গে।