প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২২ ০৭:৫৩ এএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২ ০৮:১২ এএম
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি : প্রবা
সম্মেলনের পর পূর্ণাঙ্গ কমিটি করার বিষয়টি দীর্ঘদিন ঝুলে যাওয়ার বিড়ম্বনা দূর করতে ৪৫ দিনের বাধ্যবাধকতার বিধান আনা হচ্ছে আওয়ামী লীগের গঠনতন্ত্রে। এই সময়ের মধ্যে কমিটি করতে না পারলে সভাপতি ও সাধারণ সম্পাদককে লিখিতভাবে কারণ জানাতে হবে। তবে পূর্ণাঙ্গ কমিটি করতে ৩০ দিন সময়সীমার পক্ষেও মত দেন কেন্দ্রীয় কমিটির অনেকেই। তবে ৪৫ দিন রাখা হবে নাকি ৩০ দিন তা চূড়ান্ত করা হবে দলের কাউন্সিল অধিবেশনে। যেখানে গঠনতন্ত্রের চূড়ান্ত অনুমোদন নিতে হয়।
বৃহস্পতির (২২ ডিসেম্বর) গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আনুষ্ঠিত আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠকে এই বিষয়ে আলোচনা হয় বলে বৈঠকে উপস্থিত একাধিক নেতা প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
সূত্রে জানা গেছে, সম্মলনের পর দীর্ঘদিন কমিটি ঝুলিয়ে রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে তা দূর করতে এবার গঠনতন্ত্রে ৪৫ দিন সময় বেঁধে দিয়ে কমিটি গঠনের বাধ্যবাধকতা আনা হচ্ছে। বৈঠকে এই বিষয়টি উপস্থাপন করা হলে অনেকে এর পক্ষে ও বিপক্ষে মতামত দেন। ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম তার অভিজ্ঞতা তুলে ধরে ৩০ দিন সময় বেঁধে দেওয়ার পক্ষে মত দেন।
বৈঠকে শ্রমিক লীগ ও মহিলা শ্রমিক লীগ নিয়ে আলোচনা হয়। মহিলা শ্রমিক লীগ শ্রমিক লীগের সাথে থাকলেও এটি পৃথক গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হওয়ার পর প্রায় রাত ১০ পর্যন্ত চলে এই বৈঠক। নিয়ম অনুয়ায়ী দলের জাতীয় সম্মলনকে সামনে রেখে ওয়ার্কিং কমিটির এই বৈঠক আনুষ্ঠিত হয়। সভায় মূলত গঠনতন্ত্র ঘোষণাপত্র নিয়ে আলোচনা হয়। বৈঠক মুলতবি রাখা হয়েছে নিয়ম অনুযায়ী। সম্মেলনের দিন কাউন্সিল অধিবেশনের সময় পরবর্তী অংশ অনুষ্ঠিত হবে।
সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ৮১ সদস্যের প্রায় সকলেই উপস্থিত ছিলেন। সম্মেলন নিয়ে শুক্রবার সকাল সাড়ে ১০টায় বৈঠক করে সম্মেলনের সর্বশেষ অবস্থান তুলে ধরবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রুদ্ধদ্বার বৈঠকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ৮১ সালে দেশে ফিরে আসার প্রেক্ষাপটসহ পরবর্তী সময়ে দলের মধ্যে চলা নানা চড়ায় উৎরায় নিয়েও কথা বলেন তিনি।