প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ ১৭:২৯ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৫ পিএম
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শনিবার দুপুরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বিএনপিতে যোগ দেন। ছবি: সংগৃহীত
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শনিবার দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি দলে যোগদান করেন।
যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের সঙ্গে আসন সমঝোতা করতে বিএনপি রাশেদকে ঝিনাইদহ-৪ এবং নুরকে পটুয়াখালী-৩ আসন ছেড়ে দিয়েছে। নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুসারে জোট গঠন করলেও দলীয় প্রতীকেই নির্বাচন করতে হবে জোটের প্রার্থীদের। সে অনুযায়ী, গণঅধিকার পরিষদের রাশেদের দলীয় প্রতীক ট্রাক নিয়ে লড়ার কথা।
এরই মাঝে শুক্রবার সন্ধ্যার পর গুঞ্জন ওঠে, রাশেদ খাঁন বিএনপিতে যোগ দিচ্ছেন। এ নিয়ে কয়েকটি সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়। পরে রাতে দলের সভাপতি নুরুল হক নূর ফেইসবুকে পোস্ট দিয়ে এ প্রসঙ্গে দলীয় অবস্থান ব্যাখ্যা করেন।
সেখানে বলা হয়, ‘নির্বাচনে জয়লাভের কৌশল হিসেবে দলীয় সিদ্ধান্তে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ধানের শীষ নিয়ে ঝিনাইদহ-৪ থেকে এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর দলীয় প্রতীক ট্রাক নিয়ে পটুয়াখালী-৩ থেকে নির্বাচন করবেন।’
রাশেদ খাঁন ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চাইলে নিয়ম অনুযায়ী তাকে দল ছেড়ে বিএনপির মনোনয়ন নিতে হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘তিনি (রাশেদ খাঁন) বিএনপিতে যোগ দিচ্ছেন। আমি অভিনন্দন জানাই। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে রাশেদ খাঁন ঝিনাইদহ-৪ আসন, যেটা ঝিনাইদহ সদর ও কালিগঞ্জ থানা নিয়ে, এই আসনে রাশেদ খাঁনকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দিয়েছে।’
তিনি বলেন, ‘আমি অনুরোধ করব, ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সকল নেতা-কর্মীকে রাশেদ খাঁনের সঙ্গে কাজ করার জন্য এবং তাকে বিজয়ী করতে সর্বশক্তি দেওয়ার জন্য।’
রাশেদ খাঁন বলেন, ‘আমি ও নুরুল হক নুর কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে, জুলাই বিপ্লবে আমার ভূমিকা সাংবাদিকরা জানেন। এ নিয়ে আমি কিছু বলতে চাই না। বিএনপি গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই সংগ্রাম করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যাকে আমি নিজের আদর্শ মনে করি। বর্তমান বিএনপির নেতত্ব দিচ্ছেন তারেক রহমান। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন ভালোবাসেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন থেকে তার সাথে আমার সম্পর্ক।’
তিনি আরও যোগ করেন, ‘আমি মনে করি, নতুন বাংলাদেশ গঠনে তার নেতত্ব দেশ এবং জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন। আমি বিশ্বাস করি, সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমি রাশেদ খাঁন আজকে বিএনপিতে যোগদান করেছি এবং তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণের জন্য সংগ্রাম করে যাব ও কাজ করে যাব।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদও উপস্থিত ছিলেন।