প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫ ২২:২৮ পিএম
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি : সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি বিএনপির হাইকমান্ডকে আগেই জানিয়েছিলেন বলে জানিয়েছেন দলের আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, ‘আমি দলকে অনেক আগেই বলেছি যে আমাকে যদি মনোনয়ন দেওয়া না হয়; আমি স্বতন্ত্র নির্বাচন করব। এটি লুকোচুরি বা হঠাৎ সিদ্ধান্ত- এরকম নয়।’
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি রেস্তোরাঁয় বুধবার নিজের কর্মী-সমর্থকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এর আগে, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার জন্য দুপুরে রুমিন ফারহানার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন। এ আসনটি বিএনপি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ছেড়ে দিয়েছে।
স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণ ব্যাখ্যা করে রুমিন ফারহানা বলেন, ‘আমার শক্তি ও সাহসের উৎস আমার এলাকার মানুষ। আমার ভোটার, আমার কর্মী, আমার সমর্থক। তাদের শ্রমে-কষ্টে আমি আজকে এতদূর এসেছি। সুতরাং ওনারা যেটা চাইবেন সেটাই আমার সিদ্ধান্ত।’
‘আমি এই সিদ্ধান্ত (স্বতন্ত্র প্রার্থী) নেওয়ার আগে সকলের সঙ্গে বসেছি। আমি তাদেরকে বলেছি আপনারা যা বলবেন আমি সেটাই করব। তারা বলেছেন আপনি নির্বাচন না করলে আমরা অভিভাবক শূন্য হয়ে যাচ্ছি। সেখান থেকেই আমার নির্বাচনের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা আমার নেতা-কর্মীদের, আমার একক সিদ্ধান্ত নয়।’
তিনি আরও যোগ করেন, আমি আমার নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে যেমন সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার দলকেও এটা জানিয়ে দিয়েছি। দল দলের মতো করে তাদের সিদ্ধান্ত নেবে, আমি আমার সিদ্ধান্ত আমার মতো করে নেব।
বিএনপি থেকে পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘এখনও আমি এটা নিয়ে কোনো সিদ্ধান্ত নেইনি। আমি আমার নেতা-কর্মীদের সঙ্গে কথা বলব। তারা যদি বলেন, তাহলে আমি সেই পথে (পদত্যাগ) যাব। তবে নির্বাচন আমি করব।'