হাদির ওপর হামলা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫ ২২:৩১ পিএম
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে ঢাকার নয়াপল্টনে শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। প্রবা ফটো
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি বৃহৎ ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘পরিকল্পিতভাবেই এ হামলা চালানো হয়েছে। আমরা চাই প্রকৃত ঘটনা প্রকাশ পাক এবং বিশেষ একটি রাজনৈতিক দলের মুখোশ উন্মোচিত হোক।’
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে ঢাকার নয়াপল্টনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ ও ঢাকায় শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘দীর্ঘ ১৭ বছর আন্দোলনের পর আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি। হাদি আমার সন্তানতুল্য। তার ওপর হামলার খবর শুনে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। আমি মনে করি, এ আঘাত শুধু হাদির ওপর নয়, বরং বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার ওপর। তাই কালো শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
হামলা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘হামলার এক ঘণ্টা পর একটি পক্ষ ফেসবুকে লিখেছে—যে যেখানে আছো, বেরিয়ে আসো। আমরা মনে করি, পরিকল্পিতভাবেই এ হামলা হয়েছে।’
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা অভিযোগ করে বলেন, ‘হাসপাতালে যারা আক্রমণাত্মক স্লোগান দিয়েছে, তারা বিশেষ একটি দলের নেতা-কর্মী। তারা অনেক বেয়াদবি করেছে। তবে আমি নির্দেশনা দিলে আমার নেতাকর্মীরা তুলোধুনো করে দিতো।’
মির্জা আব্বাস আরও বলেন, ‘মব সৃষ্টিকারীরা চেয়েছিল হাদি মারা যাক, আর আমরা তাকে বাঁচাতে চাই। তাই নেতা-কর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছি। ওই পক্ষটির চরিত্র আমরা ১৯৭১ ও ’৪৭ সালেও দেখেছি। হাদি সহযোগিতা চাইলে আমি অবশ্যই করতাম। আমরা চাই, সে সুস্থ হয়ে আবারও নির্বাচনে ফিরে আসুক। সে আমার শত্রু নয়, প্রতিযোগী। আগে আমাদের শত্রু ছিল একটি, আর এখন বহুমুখী শত্রুর কবলে বাংলাদেশ।’
সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, একটি সংঘবদ্ধ মহল সুপরিকল্পিতভাবে বিএনপি নেতাদের ওপর দায় চাপাতে এই হামলার ছক এঁকেছে। তিনি বলেন, ‘এই মাস্টারপ্ল্যান এখন ধীরে ধীরে দিনের আলোতে পরিষ্কার হয়ে যাচ্ছে। জনগণ ও প্রশাসন বুঝে গেছে কারা এই ভয়ংকর ষড়যন্ত্রের নায়ক।’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে পুনরায় নয়াপল্টনে এসে শেষ হয়।