কুড়িগ্রাম প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ১৬:০১ পিএম
সাংবাদিকদের সাথে কথা বলছেন রুহুল কবির রিজভী। প্রবা ফটো
দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতাই এখন মুখ্য বিষয় বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (৫ ডিসেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম সদর উপজেলার সরদারপাড়া জামে মসজিদে দোয়া মাহফিলে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘এই মুহূর্তে আমাদের কাছে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা সবচেয়ে মুখ্য বিষয়, অন্য কোনো বিষয় নয়।’
মানুষের জন্য বিএনপি চেয়ারপারসনের ত্যাদের কথা তুলে ধরে রিজভী বলেন, খালেদা জিয়া দেশের মানুষের জন্য বহু ত্যাগ স্বীকার করেছেন, কঠোর নির্যাতন সহ্য করেছেন। কোনো পরিস্থিতিই তাঁকে বিচলিত করতে পারেনি।
তারেক রহমানের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, ‘তারেক রহমানের দেশে ফেরা একটি পারিবারিক বিষয়। তাঁর মা কঠিন সময় পার করছেন। তিনি এখন অন্য কিছু ভাবছেন কি না—এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। তবে তিনি দেশের গণমানুষের নেতা; যে সময় উপযুক্ত মনে করবেন, তখনই দেশে ফিরবেন।’

খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসার প্রসঙ্গ তুলে রিজভী আরও বলেন, ‘আজ শুধু দেশে নয়, বিদেশ থেকেও তাঁর রোগমুক্তি কামনা করা হচ্ছে। মানুষ যার প্রতি ভালোবাসা রাখে, তাঁকে কখনও ভুলে যায় না। তাঁকে সরানোর চেষ্টা হয়েছে, মিথ্যা মামলায় সাজা দিয়ে পরিত্যক্ত কারাগারে রাখা হয়েছে, নানা নির্যাতন সহ্য করতে হয়েছে। বৈশ্বিক চাপ সৃষ্টি করার চেষ্টাও হয়েছে যেন তিনি আত্মসমর্পণ করেন। কিন্তু মানুষের প্রতি তাঁর ভালোবাসা ও অঙ্গীকার তাঁকে টলাতে পারেনি।’
এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, বড় ধরনের কোনো অস্থিরতা কিংবা সংকট তৈরি না হলে সরকার যে সময়সূচি বলেছে—রমজানের আগেই নির্বাচন হওয়ার কথা। বিএনপি এখনো সে অনুযায়ী প্রস্তুত আছে।
তিনি বলেন, ‘ফেব্রুয়ারির আগেই নির্বাচনের লক্ষ্যে বিএনপি সব প্রস্তুতি সম্পন্ন করেছে।’