× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে ৭ তারিখে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ১০:৩৬ এএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫ ১১:০৮ এএম

বেগম খালেদা জিয়া। ফাইল ফটো

বেগম খালেদা জিয়া। ফাইল ফটো

উৎকণ্ঠিত দেশবাসীর শুভকামনা, দোয়া আর প্রার্থনায় ডাক্তারদের চিকিৎসায় রেসপন্স করতে সক্ষম হয়ে উঠেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এ অবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শক্রমে এবং মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনকে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে কিংবা শুক্রবারেই (৫ ডিসেম্বর) লন্ডনযাত্রা শুরুর কথা থাকলেও শেষ মুহূর্তে তা কিছুটা পিছিয়ে গেছে নির্দিষ্ট এয়ার অ্যাম্বুলেন্সটি নিয়মিত রক্ষণাবেক্ষনের আওতায় থাকায়। এখন বিকল্প আরেকটি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছে কাতার সরকার।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সবকিছু ঠিক থাকলে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল (শনিবার) ঢাকায় পৌঁছাতে পারে।

তিনি বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ (রবিবার) ফ্লাই করবেন।’

বিএনপি সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তার ফুসফুসে সংক্রমণের কারণে যে জটিলতা তৈরি হয়েছিল, সেটা খানিকটা উন্নতির দিকে। যদিও হৃদযন্ত্রের জটিলতা এখনও রয়েছে। বাকি সমস্যাগুলো অনেকটাই অপরিবর্তিত। গতকাল বৃহস্পতিবার এভারকেয়ার হাসপাতালে বিএনপি নেতা ও চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শক্রমে উন্নত চিকিৎসার লক্ষ্যে খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে। 

ব্রিফিংয়ে জাহিদ হোসেন বলেন, ‘মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত এবং খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার ভিত্তিতে তাকে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের একটি নির্ধারিত হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে।’ তিনি বলেন, ‘বিমানে যাতে যেকোনো প্রতিকূলতার মধ্যেও তাকে সুস্থভাবে চিকিৎসা দেওয়া যায়, সেজন্য সব রকম প্রস্তুতিই নেওয়া হয়েছে।’ 

খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, ‘মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কিছু চিন্তা করা হচ্ছে না। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গতকাল তিনবার ভার্চুয়ালি মিটিং করা হয়েছে। যুক্তরাজ্য ও চীনের চিকিৎসকরা সশরীর দেখেছেন। তাদের সবার সঙ্গে সর্বশেষ আলোচনা হয়েছে। আগের দিন বুধবার রাতে চীন থেকে দেশটির চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় আসেন। রাতেই তারা খালেদা জিয়ার মেডিকেল বোর্ডে যোগ দেন। এর আগে দুপুরে যুক্তরাজ্য থেকে ঢাকায় আসেন বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে। তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখানে খালেদা জিয়াকে দেখেন। তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা রিপোর্ট পর্যালোচনা করেন। এই চিকিৎসকরা তার সর্বশেষ পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদনগুলো দেখেছেন।

প্রসঙ্গত, ১২ দিন ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয়। গত রবিবার ভোরের দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়। এরপর থেকে তার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে দেশের মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়। বিএনপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষ তার রোগ মুক্তির জন্য সারা দেশে দোয়া, মোনাজাত ও প্রার্থনা করে যাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা