প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ১৬:৪০ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৫ ১৬:৪৩ পিএম
ফাইল ছবি।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি বলে জানিয়েছেন, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, খালেদা জিয়র শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
রিজভী বলেন, আজ সর্বশেষ যতটুকু শুনেছি, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার বিদেশে যাওয়ার বিষয়ে এখনো কোনো পরামর্শ দেননি চিকিৎসকরা। তিনি বলেন, খালেদা জিয়ার অবস্থার অবনতি হয়নি, খুব একটা উন্নতি হয়েছে এমন খবরও পাইনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, যখন উপযুক্ত সময় হবে তখন তিনি দেশে ফিরবেন, আমাদের কাছে কোনো আপডেট নেই। তারেক রহমান তার মায়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন পার করছেন।
তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিনিয়ত মায়ের বিষয়ে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করছেন, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার জন্য, তার শারীরিক অবস্থার ব্যাপারে কখন কী হবে এসব নিয়ে চিন্তা করছেন।
রিজভী আরও বলেন, দলের চেয়ারপারসন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় বিজয় দিবসের গৃহীত কর্মসূচি স্থগিত করা হয়েছে। এ সময় দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চান তিনি।
এর আগে শনিবার (২৯ নভেম্বর) রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ সাংবাদিকদের জানান, খালেদা জিয়া চিকিৎসকদের দেওয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। তবে তার শারীরিক অবস্থা এখনই বিদেশে নিয়ে যাওয়ার উপযোগী হয়নি। চিকিৎসকদের পরামর্শ পেলে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদাকে জিয়া এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষায় বুকে ‘সংক্রমণ’ ধরা পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দেখা দেয় নিউমোনিয়া, এর সঙ্গে রয়েছে- কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরোনো সমস্যা। পরিস্থিতি এমন—একটি রোগের চিকিৎসা দিতে গেলে আরেকটির ওপর বিরূপ প্রভাব পড়ছে।
এমন পরিস্থিতিতে শুক্রবার (২৮ নভেম্বর) খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে ‘অত্যন্ত সংকটময়’ বলেন দলের মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির নেতারা বলছেন, গত দুই দিনে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য সম্ভব হলে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার বিষয়ে চিন্তা করছেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। অপরদিকে, তার সুস্থতা কামনা করে বিএনপির পক্ষ থেকে শুক্রবার সারা দেশে মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত করা হয়।