বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা ও পৌরসভা বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে মধ্য রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি আয়োজন করেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা।
এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। পাশাপাশি ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাতেও দোয়া করা হয়।
দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি মোস্তফা কামাল পাশা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তার সুস্থতা শুধু বিএনপির জন্য নয়, গণতন্ত্রকামী মানুষের জন্যও গুরুত্বপূর্ণ। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি।”
তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সংগঠিত হচ্ছে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে আমরা ঐক্যবদ্ধ।”
রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুন খান, সরকারি হাজী এবি কলেজের সাবেক ভিপি আরিফ বিল্যাহ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।