নোয়াখালী ও হাতিয়া প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ১৭:৪৬ পিএম
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে হাতিয়া উপজেলার আফাজিয়া বাজারে থানা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আরেফিন আলীর সভাপতিত্বে এ কর্মসূচি পালন করা হয়। এসময় হাতিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা বলেন, হাতিয়া দ্বীপের সাড়ে সাত লক্ষ মানুষের মনোভাব ও প্রত্যাশাকে মূল্যায়ন করেই দলীয় প্রার্থী নির্ধারণ করা উচিত। এসময় নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব জনগণের মতামত বিবেচনায় নিয়ে মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানান।
হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব বলেন, আমরা বিশ্বাস করি, দেশনায়ক তারেক রহমান হাতিয়ার জনগণের মনোভাব বিবেচনা করেই নতুন প্রার্থী মনোনয়ন দেবেন। হাতিয়ার সাড়ে সাত লক্ষ মানুষের মধ্য থেকেই একজন গ্রহণযোগ্য প্রার্থী দলীয় মনোনয়ন পেলে সবাই তা মেনে নেবে।
এর আগে শনিবার (২২ নভেম্বর) একই দাবিতে মশাল মিছিল, বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে তিনবারের সংসদ সদস্য ফজলুল আজিমের সমর্থকরা। শনিবার সন্ধ্যায় হাতিয়া উপজেলার ওছখালী শহরের প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়। পরে তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের মাধ্যমে প্রতিবাদ জানায়।
তারা বলেন, হাতিয়ায় জনপ্রিয় নেতা ফজলুল আজিমকে মনোনয়ন না দেওয়ায় তৃণমূল বিএনপি চরমভাবে হতাশ হয়েছে। হাতিয়াবাসী ফজলুল আজিমকে মনোনয়ন দেওয়ার পক্ষে জোর দাবি জানাচ্ছেন। কোনো বহিরাগত প্রার্থীকে হাতিয়া আসনে মেনে নেওয়া হবে না।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো বলেন, বহিরাগত প্রার্থী মাহবুবের রহমান শামীমের মনোনয়ন বাতিলের দাবিতে পূর্বনির্ধারিত মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। মিছিলটি উপজেলা জিরো পয়েন্টে পৌঁছলে শামীমের লোকজন হামলা চালায়। এতে আমাদের অনেক নেতা-কর্মী আহত হন। পরে আমরা পুনরায় একত্রিত হয়ে মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করি।
প্রসঙ্গত, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমকে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন পরিবর্তনের দাবিতে দফায় দফায় কর্মসূচি পালন করছেন মনোনয়ন বঞ্চিতরা।